আ.লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে: ফখরুল
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।
সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু আজ তা হরণ করা হয়েছে। স্বাধীনতার ৪৩ বছর পরও ‘দখলদার সরকার খুন, গুম, নির্যাতন, নিপীড়নের’ মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। যে স্বপ্ন নিয়ে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের জন্য ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছিলেন, ‘অবৈধ-অনৈতিক-দখলদার’ এ সরকার সে স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে।
‘গণতন্ত্র ও ভোটাধিকার’ ফিরিয়ে আনতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে যোগ দিতে মির্জা ফখরুল সবার প্রতি আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। আওয়ামী লীগ এটিকে ভিন্ন খাতে নিতে একের পর এক ইস্যুর সৃষ্টি করছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।