বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা সুষ্ঠু নির্বাচন চায় না। এ কারণে তারা রাষ্ট্রপতিকে বিতর্কিত করতে চায়।
গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপি বিতর্কিত ব্যক্তিদের নামের তালিকা রাষ্ট্রপতিকে দিয়েছেন—আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘যে দলটি আজ বিনা নির্বাচনে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, তারা জানে যদি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়, তারা কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। সে জন্যই তারা এটা চায় না, তারা এটা বিতর্কিত করতে চায়। এমনকি মহামান্য রাষ্ট্রপতিকে তারা বিতর্কিত করতে চায়। দুঃখ হয় যখন তাদের সিনিয়র নেতারা এ সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা বলেন। যার কোনো ভিত্তি নেই।’
বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানায়। তিনি বলেন, ‘বেগম জিয়া বলেছেন, আসুন, আমরা এমন একটি নির্বাচন কমিশন গঠন করি, যে নির্বাচন কমিশন বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে। দেশে যে বিভাজন আছে, অনৈক্য আছে, সেটা দূর করে একটা ঐক্য সৃষ্টি করতে পারবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে। সে রকম একটি প্রস্তাব তিনি দিয়েছিলেন। তার ভুল ব্যাখ্যা করা হয়েছে।’