আ.লীগ সভানেত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কাউন্সিলে দেওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘গণতন্ত্রের জন্য বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘কাউন্সিলের শেষ সেশনে আওয়ামী লীগ সভানেত্রী যে কথাগুলো বলেছেন, তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক কথা। তিনি পরিষ্কার বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এর সঙ্গে তিনি এটাও বলেছেন, আগামীবার আওয়ামী লীগকে অবশ্যই ক্ষমতায় আসতেই হবে যেকোনো মূল্যে।’
আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি দলের সভানেত্রীর আহ্বানের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রস্তুতির দরকার কী? ভোটের বা দরকার কী? আপনারা তো গতবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় চলে এসেছেন বিনা ভোটে। ঘোষণা করে দিলেই হয়, আমরা আবার পাঁচ বছরের জন্য ক্ষমতায় চলে গেলাম। এ নাটকের প্রয়োজন নেই।’
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন এ আলোচনার আয়োজন করে।