বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন-বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ।
গতকাল রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে এই পদ নেই।
আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা থাকার সময় সালমান এফ রহমান বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা হন। ২০১২ সালে দলের জাতীয় সম্মেলনের পর সালমান এফ রহমানকে উপদেষ্টা নিয়োগের বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। এত দিন তিনি এই পদে ছিলেন কি না, তা দলের কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
এ ছাড়া গতকাল পাঠানো একই বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শূন্য দুটি পদে দুই নেতার নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ছাত্রলীগের সাবেক নেতা বিপ্লব বড়ুয়াকে সম্প্রতি দলের কার্যনির্বাহী সংসদের সদস্যপদ দেওয়া হয়েছিল। এখন উপ-দপ্তরের দায়িত্ব পাওয়ার কারণে নির্বাহী সদস্যের একটি পদ ফাঁকা হয়ে গেছে।
৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির এখনো সভাপতিমণ্ডলীর তিনটি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আর একটি নির্বাহী সদস্যপদসহ পাঁচটি পদ ফাঁকা আছে। গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটি টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাবে: আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
পরে বেলা দুইটায় টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে।