আ.লীগ সমর্থককে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সমাবেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ সমর্থক শফিকুল রহমান বাদল নামের এক ব্যক্তিকে র্যা ব-১১-এর সদস্যরা বাড়ি থেকে তুলে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে গতকাল বুধবার দুপুরে সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল উপজেলার ইছাখালী ইউনিয়ন কাউন্সিল কার্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে র্যা ব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাদলকে পরিকল্পিতভাবে গত সোমবার সকালে বাড়ি থেকে তুলে নিয়ে র্যা ব-১১ অস্ত্রসহ গ্রেপ্তার দেখায়। এ সময় তাঁর বাড়িতে ভাঙচুর চালায় এবং তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়। অবিলম্বে বাদলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি করেন তাঁরা। অন্যথায় আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শ্রমিকনেতা আবদুল জলিলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান, গ্রেপ্তার করা বাদলের স্ত্রী নার্গিস সুলতানা, ফারুক ভূঁইয়া প্রমুখ।