আ.লীগ-সমর্থিত প্যানেল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ গফুর।

গতকালের নির্বাচনে হলুদ প্যানেলের সভাপতি পদপ্রার্থী ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এফ এম আওরঙ্গজেব ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত-সমর্থিত সাদা প্যানেলের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী পান ২৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে হলুদ প্যানেলের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য পান ৪১৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিয়ার রহমান পান ২৪৭ ভোট।

নির্বাচনে সহসভাপতি পদে হলুদ প্যানেলের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক খালেদ মিসবাহুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মহসীন, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল, সদস্যপদে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আলাউদ্দিন, সহযোগী অধ্যাপক কুন্তল বড়ুয়া, অধ্যাপক মাহবুবুল হক, অধ্যাপক শাহেদুল কাদের, অধ্যাপক সবুজ চৌধুরী, অধ্যাপক সাজেদা আক্তার জয়ী হন।

প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ গফুর প্রথম আলোকে বলেন, ‘সুন্দরভাবে ফলাফল ঘোষণার মাধ্যমে নির্বাচনপ্রক্রিয়া শেষ করতে পেরে আমরা খুশি। নির্বাচন নিয়ে জয়ী ও বিজিত দল কারও কোনো অভিযোগ ছিল না।’

হলুদ প্যানেল থেকে নির্বাচিত সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এফ এম আওরঙ্গজেব বলেন, ‘আমরা সব সময় শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে সোচ্চার থাকব। শিক্ষকেরা আমাদের পূর্ণ প্যানেলে জয়ী করায় তাঁদের সকলকে ধন্যবাদ।’

বাণিজ্য অনুষদ মিলনায়তনে সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৬২ জন শিক্ষক।

‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর ব্যানারে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল এবং ‘স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত’ বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা প্যানেল সরাসরি ভোটযুদ্ধে অবতীর্ণ হয়।