আ.লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পাবনার ঈশ্বরদী পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে তাঁর নাম ঘোষণা করা হয়।

আবুল কালাম আজাদ ঈশ্বরদীর পৌর আওয়ামী লীগের সভাপতি। বিগত দুটি পৌর নির্বাচনে তিনি বিএনপি সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

পৌর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার বলেন, দলের তিন বছর আগের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার কার্যনির্বাহী কমিটির সভায় মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে।

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, দলীয় নেতা-কর্মীরা তাঁকে সমর্থন দিয়েছেন। তাই ঈদের আগে থেকেই দলীয় নেতা-কর্মীরা তৎপর হয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন উঠান বৈঠক ও কর্মিসভার আয়োজন করছেন। স্বতঃস্ফূর্তভাবে উঠান বৈঠকে অংশ নিয়ে এলাকাবাসী তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন। উঠান বৈঠকে নারীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। তবে তিনি ভোটারদের কাছে এখনই ভোট চাচ্ছেন না, নির্বাচনের তফশিল ঘোষণার পর ভোটের জন্য মাঠে নামবেন।

দলীয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে এবারও দলের একক মেয়র প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদকে সমর্থন দেওয়া হচ্ছে। এবার আগেভাগেই দলের আগের নেতা-কর্মীরা আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে ঈশ্বরদীর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় চার-পাঁচটি করে উঠান বৈঠক করছেন। এ পর্যন্ত ৫০টির অধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা বলেন, ‘উঠান বৈঠকে এলাকাবাসী তাঁদের নানা সমস্যা, সুবিধা-অসুবিধার কথা আমাদের কাছে জানাচ্ছেন। পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণার পর আমরা এলাকাবাসীর নানা সমস্যা ও সুযোগ-সুবিধার কথা দলীয় ইশতেহারে উল্লেখ করব। এখন ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবেন।’

পৌর মেয়র মোকলেছুর রহমান জানান, আগামী ২৪ ফেব্রুয়ারি তাঁর মেয়াদ শেষ হচ্ছে। তবে এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।