আ.লীগ-সমর্থিত ১৭ সদস্য প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের ১৭ জন সদস্য পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ড, একই ইউনিয়নে নয়টি সাধারণ ওয়ার্ডের মধ্যে আটটিতে সদস্য প্রার্থী কেবল একজন করে। এ ছাড়া সদর উপজেলার চনুয়া ইউনিয়নের তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ড এবং ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে শুধু একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল না হলে তাঁরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ২১ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ছাগলনাইয়া উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৬ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ১৭০ জন মনোনয়নপত্র জমা দেন।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির প্রার্থীরা অনেকটা নীরবে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান ফেনী জেলায় চেয়ারম্যান পদ ছাড়াও সদস্যপদে দলীয় প্রার্থী মনোনয়নের সত্যতা নিশ্চিত করেছেন।