আ.লীগ সরগরম, চুপচাপ বিএনপি
আসন্ন বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন সাতজন। দলীয় মনোনয়ন পেতে জেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের কাছেও ধরনা দিয়েছেন তাঁরা। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন জোটে পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল বাতেনের ভাগ্যে।
তবে বিএনপিতে দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে এ দলে ছিল না তেমন কোনো প্রতিযোগিতা। আবদুল মান্নানকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
পৌরবাসী ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় দেড় যুগ পর আগামী ৭ আগস্ট বেড়া পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ জুলাই। প্রার্থিতা যাচাই-বাছাই ১৪ জুলাই ও মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ রাখা হয়েছে ২২ জুলাই। বেড়া পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি। সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে পাল্টাপাল্টি মামলায় এত দিন পৌরসভার নির্বাচন স্থগিত ছিল।
আওয়ামী লীগের স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের সাতজন নেতা দলীয় মনোনয়নের আশায় জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে শুরু করেন ব্যাপক তদবির। অবশেষে গত রোববার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে দেশের ১০টি পৌরসভার প্রার্থীতালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে বেড়া পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীক পেয়েছেন আবদুল বাতেন। এ সংবাদে আবদুল বাতেনের সমর্থকসহ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা বেড়া পৌর শহরে আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেন।
বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ৫ জুলাই বেড়া পৌর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে প্রার্থী বাছাই উপলক্ষে আয়োজিত বৈঠকে তৃণমূলের নেতারা দলীয় প্রার্থী হিসেবে আবদুল বাতেনকে নির্বাচিত করেন। পরে তিনিই দলীয় মনোনয়ন পান।
এদিকে বেড়া পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির দুর্গ অনেকটাই নিশ্চুপ। নেই কোনো প্রতিযোগিতা। তবে মেয়র পদে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইজউদ্দিন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় থাকায় আমাদের দলে আগ্রহী প্রার্থীর সংখ্যা কম। তারপরও আমরা বেশ আগেই সাংগঠনিক বিধি অনুযায়ী তৃণমূল পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে মেয়র পদে আবদুল মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছি। কেন্দ্র থেকেও তাঁকে চূড়ান্ত করা হয়েছে।’
বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘মেয়র পদে এখন পর্যন্ত (গতকাল সোমবার, বিকেল সাড়ে পাঁচটা) একজনও মনোনয়নপত্র দাখিল করেননি।’