আ.লীগ ২০টি আসন পাবে কি না, সন্দেহ নোমানের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর উচ্ছেদের চক্রান্ত আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। সরকার জনবিচ্ছিন্ন হয়ে এ কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ঈদগাহ এলাকার একটি কমিউনিটি সেন্টারে রামপুর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসন পাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তাঁর দাবি, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব ধামাচাপা দিতে জিয়াউর রহমানের কবর উচ্ছেদের চেষ্টা করছে সরকার। জিয়ার কবর স্থানান্তরের চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে জানান তিনি। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা বিএনপিকে দুর্বল মনে করে, তারা বোকার স্বর্গে বাস করছে।

রামপুর ওয়ার্ড বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম প্রমুখ।

প্রেসক্লাবে শাহাদাত হোসেন: রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে ফেলার চেষ্টা সরকারের প্রতিবন্ধী আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। গতকাল বিকেলে নগরের প্রেসক্লাবে চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের (সিডিডিএস) উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাহাদাত হোসেন আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের রূপরেখা দিয়েছেন। এ নিয়ে সরকার আলোচনার টেবিলে না বসে তাচ্ছিল্য করে যাচ্ছে। সরকারের এই আচরণ মানসিক প্রতিবন্ধীর মতো বলে তিনি মন্তব্য করেন।

সিডিডিএসের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহেদুল করিম, গাজী মো. সিরাজ উল্লাহ প্রমুখ।