আ.লীগ 'প্রাণনাশের রোল মডেল': রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকার বর্তমান বিশ্বে ‘প্রাণনাশের রোল মডেলে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন বাহিনী এবং যুবলীগ ও ছাত্রলীগ থেকে বাছাই করা পোশাকধারী সন্ত্রাসী ক্যাডারদের দিয়ে অপহরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে গত বুধবার গভীর রাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত রাজীব হোসেনকে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের দক্ষিণের রামপুরা থানার ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে দাবি করেন রিজভী আহমেদ। তিনি অভিযোগ করেন, রাজীবকে আটকের পর ডিবি তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বন্দুকযুদ্ধের নামে রাজীবকে গুলি করে হত্যা করে। একইভাবে ৫ আগস্ট ফেনীর বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনিরকে ‘আওয়ামী সন্ত্রাসীরা’ কুপিয়ে হত্যা করে।
রিজভী বলেন, প্রতিদিন সড়ক, রেল, নৌ-দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। অথচ সরকারের মন্ত্রীদের জবাবদিহি দূরে থাক, তাঁরা এগুলোর বিষয়ে শুধু নির্বিকারই নয়, বরং তাদের নিদারুণ ব্যর্থতার জন্য কেউ অভিযোগ করলে তাকে দমন করতে তারা প্রথমে উসকানি, প্ররোচনা, অসভ্যতা, রুচি ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেন। এতেও সন্তুষ্ট না হলে সেই ব্যক্তির ওপর আক্রমণ করতে চান। পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ এমএল পিনাক-৬-এর অসংখ্য জীবনহানির পরেও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ভ্রুক্ষেপহীন রয়েছেন।