আ.লীগকে অবৈধ বলার ধৃষ্টতা বিএনপি দেখাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল হিসেবে ১৯৭১ সালের বহু আগে থেকেই প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগকে অবৈধ বলার ধৃষ্টতা ভবিষ্যতে বিএনপির কেউ দেখাবে না, এটা আমরা প্রত্যাশা করি।’
গতকাল বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। এর আগে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘যদি বিএনপি অবৈধ হয়, আওয়ামী লীগও অবৈধ।’
এই বক্তব্যের জবাবে হানিফ বিকেলে সংবাদ সম্মেলন করেন। বিএনপি ভবিষ্যতে অবৈধ হতে পারে—এমন সম্ভাবনার ইঙ্গিত করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এই দেশের জনগণ সব ক্ষমতার মালিক। জনগণ যদি চায় যে অবৈধ একটি দলকে তারা অবৈধ হিসেবে দেখতে চায়, ঘোষণা করতে চায়; জনগণের সেই ইচ্ছার প্রতিফলন হয়তো পরবর্তীতে কেউ করবে।’
মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে তালিকাভুক্তির আহ্বান এসেছে বলে দাবি করেন হানিফ।
বিএনপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, লুটপাটের টাকা আছে বলেই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান লন্ডনে সাত বছর ধরে বিলাসী জীবনযাপন করছেন।
গণমাধ্যম স্বাধীন নয়—মির্জা ফখরুলের এই বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘বর্তমান বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন। এ ব্যাপারে গণমাধ্যমের কোনো দ্বিমত নেই। দ্বিমত আছে মির্জা ফখরুলদের। কারণ, ওনাদের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য, দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ওনাদের সেই তথাকথিত নেতা মাহমুদুর রহমানের মতো সাংবাদিক নামধারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কারণে তাঁদের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে।’
বিএনপি খণ্ড-বিখণ্ড হবে: গতকাল শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, চলতি বছরের মধ্যে বিএনপি ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে যাবে। তিনি বলেন, খালেদা জিয়ার কার্যকলাপে মনে হচ্ছে শুভবুদ্ধির নেতারা দল ছাড়বেন।
একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনাকে আরও সময় দিতে হবে।