আ.লীগকে আবার ক্ষমতায় আনুন: খালিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালিদ মাহমুদ চৌধুরী
খালিদ মাহমুদ চৌধুরী

শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষকদের জাতীয় প্রতিনিধি সভায় শিক্ষকদের প্রতি তিনি এই আহবান জানান। এই সভার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।

খালিদ মাহমুদ চৌধুরী আশ্বাস দেন, অতীতে শেখ হাসিনার সরকার শিক্ষকদের দাবি পূরণ করেছে। ভবিষ্যতে সরকার ক্ষমতায় থাকলে অন্য দাবিগুলো পূরণ হবে।

খালিদ মাহমুদ চৌধুরী শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায়, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, তাদের প্রতিহত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনাদের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ শিক্ষকের মর্যাদা তিনি (প্রধানমন্ত্রী) হৃদয়ের ভেতর ধারণ করেন।’

সভায় আরও বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, কো-চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রশীদ, প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রমুখ।