আ.লীগকে আরেকবার ক্ষমতায় আসতে হবে: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে নেতা-কর্মীদের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষকে বোঝাতে হবে সরকারের উন্নয়নের ধারা ধরে রাখতে হলে অবশ্যই আওয়ামী লীগকে আরও একবার ক্ষমতায় আসতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ তার সুফল পাবে।’

গতকাল রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনের সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কাউন্সিল অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘এখানে বসে তালি বাজালে হবে না। আমাদের অর্জনগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণকে বারবার বলতে হবে। আমরা এই কাজ আপনাদের জন্য করেছি। আওয়ামী লীগ করেছে। আমরা তো কাজ করে দিয়েছি, মানুষ তো জানেই। এ কথা ভাবলে হবে না। মানুষ জানলেও ভুলে যাবে। এটাই মানুষের নিয়ম।’

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাজই হবে প্রচার করা। ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তাদের কাছে যাওয়া। তাদের এই কথাটা বোঝানো যে আওয়ামী লীগ থাকলে তাদের ভাগ্য পরিবর্তন হবে। তারা কিছু পাবে। ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারবে। অবকাঠামো উন্নয়ন হবে, রাস্তাঘাট উন্নত হবে, পুল-ব্রিজ হবে। খেতে ফসল উৎপাদন হবে। এই কথাগুলো মানুষের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়া। আওয়ামী লীগের এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। তিনি আরও বলেন, ’৯৬-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনগণের ভাগ্যের পরিবর্তন শুরু হয়। এর ধারাবাহিকতা ধরে রাখতে হলে আওয়ামী লীগকে আবার দায়িত্ব নিতে হবে। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসতে হবে।

বিএনপির নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং করে যারা সাজাপ্রাপ্ত, যারা পুড়িয়ে মানুষ মারে, খুনি। যারা খুনিদের মদদ দেয়, যুদ্ধাপরাধীদের মদদ দেয়, যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানায়, তারা যেন এই বাংলাদেশে আর কোনো দিনই ক্ষমতায় আসতে না পারে। মানুষকে বোঝাতে হবে, এরা যদি আবার ক্ষমতায় আসে, তার মানে যুদ্ধাপরাধীরা ক্ষমতায় আসবে। খুনিরা ক্ষমতায় এলে খুনিদের রাজত্ব, দুর্নীতিবাজদের রাজত্ব হবে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ দেশকে নিয়ে খেলবে। যা খুশি তা করবে। অন্তত সেটা তারা করতে পারবে না। এই কথা আজ সবাই বুঝতে পেরেছে। তিনি বলেন, আজকে আওয়ামী লীগকে কেউ অবহেলা করতে পারে না। সম্মেলনে ৫৫ জন বিদেশি অতিথি এসেছেন। তাঁরা শুভেচ্ছা বক্তব্যও রেখেছেন। প্রত্যেকে বক্তব্যে আওয়ামী লীগের প্রশংসা করেছেন। মোটামুটি সবাই জয় বাংলা স্লোগান দিয়ে গেছেন। জয় বাংলা স্লোগান একদিন নিষিদ্ধ ছিল এই বাংলাদেশে। জিয়াউর রহমান এসে এই স্লোগান নিষিদ্ধ করেছিল।