ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচনে মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে এ দুই ইউনিয়নে আওয়ামী লীগের দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন।
যে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তাঁরা হলেন শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের জুলহাস ব্যাপারী ও সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের আওলাদ হোসেন মোল্লা। ষোলঘর ও কেয়াইনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীরা হলেন আজিজুল হক ও মো. আশরাফ আলী।
মনোনয়নপত্র প্রত্যাহার সম্পর্কে জুলহাস ব্যাপারীর ছোট ভাই ষোলঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, তাঁর ভাইকে পুলিশ দিয়ে মামলা করিয়ে হয়রানিসহ নানা হুমকি-ধমকি দেওয়া হয়। তা ছাড়া তাঁর ভাই দলের নেতা-কর্মীদের পাশে পাচ্ছিলেন না। কেউ তাঁকে সহযোগিতা করছিল না। একদিকে জীবনের ভয়, অন্যদিকে নেতা-কর্মীদের পাশে না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি (জুলহাস) মনোনয়ন তুলে নিয়েছেন।
আর কেয়াইন ইউনিয়নের আওলাদ হোসেন মোল্লা তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে বলেন, তাঁর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকা বিএনপির ভোট ব্যাংক। আর ওই এলাকা থেকেই আওয়ামী লীগের প্রার্থী দাঁড়িয়েছেন। কিন্তু শারীরিক অসুস্থতাসহ সব দিক বিবেচনা করে তাঁকে মনোনয়ন তুলে নিতে হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, তৃণমূল কর্মীদের সমর্থনের ভিত্তিতে ষোলঘরে জুলহাস ব্যাপারীকে ও কেয়াইনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু জুলহাসের সঙ্গে মনোনয়ন চেয়েছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম ইসলামসহ কয়েকজন। দলের একটি অংশ তাই শুরু থেকেই জুলহাসের বিরোধিতা করে আসছিল।
বিএনপির একটি অংশ অভিযোগ করেছে, আওয়ামী লীগের প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বসে পড়েছেন জুলহাস ব্যাপারী। শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘শুনতাছি সে (জুলহাস) নাকি আওয়ামী লীগের প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে বসে পড়েছে।’
তবে এই অভিযোগ অস্বীকার করে জুলহাস ব্যাপারীর ভাই নজরুল ইসলাম বলেন, ‘টাকা লেনদেনের যে কথা ছড়ানো হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা।’
জুলহাস ব্যাপারীর মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
সিরাজদিখানের কেয়াইনে আওলাদ হোসেন মোল্লার মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস ধীরেন বলেন, ‘আওলাদ হোসেন যে কেন মনোনয়ন তুলে নিলেন, বুঝলাম না। এখন দলের উচ্চমহলের কাছে জবাব দিতে হচ্ছে আমাকে।’
বিএনপির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শ্রীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম বলেন, হুমকি-ধমকির কোনো বিষয় জানিয়ে বিএনপির প্রার্থী তাঁদের কাছে কোনো অভিযোগ করেননি।
আর সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. শামছুজ্জামান বললেন, ‘বিএনপির প্রার্থীকে হুমকি দিয়ে বসানো হয়েছে, এটা সঠিক নয়। আমরা শুনতাছি, সে নাকি টাকা নিয়ে বসে পড়েছে।’
দ্বিতীয় ধাপের ভোট হবে ৩১ মার্চ।