আ.লীগকে ক্ষমতায় থাকতে হলে জাতীয় পার্টিকে দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘দুই দলেই জাতীয় পার্টির প্রয়োজন। জাতীয় পার্টি এখন গুরুত্বপূর্ণ দল। আগামী নির্বাচনে কার ভাগ্য সুপ্রসন্ন হবে আমরা তা নির্ধারণ করব।’
গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। রাজশাহী নগরের উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন।
নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশে কী হবে? সেই পরিস্থিতি যদি আওয়ামী লীগ অনুধাবন করতে পারে, তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে। আর আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হলে কাকে দরকার?’ তখন নেতা-কর্মীরা সমস্বরে বলেন, ‘জাতীয় পার্টি।’ এরপর এরশাদ বলেন, ‘জাতীয় পার্টিকে পাশে দরকার। এত ভয়ের কী আছে? এত দিন নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে আমাদের। আমাদের মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এত চেষ্টা ব্যর্থ করে এমন জায়গায় এসেছি আজ যে দুই দলেরই আমাদেরকে প্রয়োজন।’
খালেদা জিয়ার ভিশন-২০৩০ ঘোষণার কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমাদের ভিশন আছে দুইটা। একটা হলো প্রাদেশিক সরকার আর নির্বাচনব্যবস্থার পরিবর্তন। একটা নির্বাচনও এখন পর্যন্ত বিতর্কের বাইরে হয়নি।’ তিনি বলেন, ‘প্রাদেশিক সরকার যদি করতে পারি, রাজশাহী হবে একটি প্রদেশ। নাম হবে বরেন্দ্র প্রদেশ।’ এরশাদ আরও বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে নির্বাচন করতে চাই এবং ৩০০ আসনে প্রার্থী দিতে চাই।’
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন রিন্টুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাংসদ কাজী ফিরোজ রশিদ, এস এম ফয়সাল চিশতি, নুরুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে বেলা ১১টায় উত্তরা কমিউনিটি সেন্টারের হল রুমে নেতা-কর্মীর উপস্থিতি কম থাকায় সম্মেলনকে কর্মিসমাবেশ হিসেবে ঘোষণা দেন এরশাদ। পরে আরও কর্মী উপস্থিত হওয়ায় তিনি কাউন্সিল অধিবেশন হিসেবে ঘোষণা দেন। পরে জেলা ও মহানগর কমিটির নেতাদের নিয়ে বসে নতুন কমিটি দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।