আ.লীগকে নির্বাচিত করার আহ্বান কেন্দ্রীয় নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ মার্চ উপলক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। ছবি: ফোকাস বাংলা
৭ মার্চ উপলক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। ছবি: ফোকাস বাংলা

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। তাঁরা বিএনপির জ্বালাও-পোড়াও এবং দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানান।

আজ বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগের নেতারা এ আহ্বান জানান।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যা কিছু অর্জন, সবকিছু শেখ হাসিনার নেতৃত্বে অর্জন করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার মাধ্যমে বাংলার মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসার নিশ্চয়তা পাচ্ছে। তিনি বলেন, তারপরেও ষড়যন্ত্র হয়। এই ষড়যন্ত্র নেত্রীর বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র দলের বিরুদ্ধে নয়—এই ষড়যন্ত্র বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা এই দেশের মানুষ কোনো দিন সহ্য করেনি। এবার কোনো ষড়যন্ত্র এই দেশের মানুষ সহ্য করবে না। বিএনপি যদি এবার নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অপর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। দেশবাসীকে দক্ষতা, নিষ্ঠার সঙ্গে সেবা করে চলেছেন শেখ হাসিনা। সেদিন খুব বেশি দূর নয়, যেদিন বাংলাদেশ ডিজিটাল মধ্যম আয়ের দেশ হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বাংলাদেশে শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্ব এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।

দলের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশ শিক্ষা-অজ্ঞানতা এবং স্বাস্থ্যহীনতা থেকে মুক্তি পেয়ে দেশ উন্নত মধ্যম আয়ের দেশের দিকে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে পদার্পণ করতে যাচ্ছে—সেদিন আর বেশি দূরে নয়। তিনি বলেন, শেখ হাসিনা দেশবাসীকে সেই গর্বিত জাতির মুকুট এনে দেবেন, যার জন্য সবাই সাগ্রহে অপেক্ষা করছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দেশের নেতৃত্বে নিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গাড়িতে আগুন দিয়ে যেন কেউ মানুষ হত্যা করতে না পারে, তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে—সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, লে. কর্নেল (অব.) ফারুক খান, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রতিমন্ত্রী মির্জা আজম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজমা আক্তার।