আ.লীগকেই আগে অপপ্রচার বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অপপ্রচার এবং মিথ্যাচার বন্ধের কাজটি আওয়ামী লীগকেই আগে শুরু করতে হবে। কারণ, অপপ্রচারের কাজটি তারাই আগে শুরু করেছিল। গতকাল শনিবার তারেক রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়। ভাষা ব্যবহারে আরও যত্নশীল এবং দলের নেতাদের অপপ্রচার থেকে বিরত রাখতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তারেক রহমান বলেন, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন, যা তাঁর মনগড়া নয়। একই সঙ্গে তিনি এ-ও বলেছিলেন, তাঁর কোনো বক্তব্য ভুল প্রমাণিত হলে এবং এর বিপরীতে দলিল, প্রমাণসহ প্রকৃত তথ্য উপস্থাপিত হলে তিনি সেটি শুধরে নিতে দ্বিধা করবেন না। তারেক রহমান অভিযোগ করেন, তাঁর বক্তব্যের যুক্তিসংগত ব্যাখ্যা না দিয়েই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কতিপয় নেতা তাঁর ক্রমাগত অশ্লীল ও অশোভন উক্তি করছেন।
তারেক রহমান লন্ডনে দেওয়া তাঁর সাম্প্রতিক বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার, খুনি এবং পাকবন্ধু’ বলে মন্তব্য করেন এবং তাঁর পিতা জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি বলে দাবি করেন।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তি ও তথ্য-প্রমাণসহ উপস্থাপিত সব তথ্যই আওয়ামী লীগের চোখে ‘অপপ্রচার’ বলে গণ্য হচ্ছে। আওয়ামী লীগ যদি মনে করে, এসব বন্ধ হওয়া দরকার, তাহলে তাদেরই আগে অপপ্রচার বন্ধ করতে হবে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে, ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করেছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ইতিহাসকে আপন গতিতে চলতে দিন। নিজের স্বার্থে সেটিকে বাধাগ্রস্ত করবেন না।