আ.লীগসহ বিভিন্ন সংগঠনের সন্তোষ
সর্বোচ্চ আদালতে জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। তবে বরাবরের মতোই এ রায়ের বিষয়েও কোনো প্রতিক্রিয়া দেয়নি বিএনপি।
রায়ের পরে আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে কারওয়ান বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, রায় জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়েছে, মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এই রায় যত দ্রুত কার্যকর করা হবে, তত দ্রুতই মানুষের মনে স্বস্তি আসবে।
রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরাম জানায়, সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। আইনের শাসনের প্রতিষ্ঠার স্বার্থেই তাদের সবার বিচার হওয়া উচিত।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে বলেছেন, এই রায়ে ন্যায়বিচারের ক্ষেত্রে দেশবাসীর আস্থা ও শ্রদ্ধা বাড়বে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ এক বিবৃতিতে রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকরের দাবি জানান।
রায়ে সন্তোষ জানিয়ে ও দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ঐক্য ন্যাপ, গণতন্ত্রী পার্টি, সম্মিলিত সামাজিক আন্দোলন ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ।