আ.লীগে উৎসাহ-উদ্দীপনা বিপরীত চিত্র বিএনপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাই উপলক্ষে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে। তবে বিএনপিতে প্রার্থী বাছাইয়ে তৃণমূলে কোনো উৎসাহ-উদ্দীপনা নেই।
বিএনপির কয়েকজন নেতা-কর্মী বলেন, সাঁথিয়ার পার্শ্ববর্তী বেড়া উপজেলার নয়টি ইউপিতে প্রথম দফায় ২২ মার্চ ভোট হয়। ওই নির্বাচনে সবগুলো ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হন। নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে পাঁচটি ইউপিতে বিএনপির প্রার্থীরা নির্বাচনের দিন দুপুরের মধ্যেই ভোট বর্জনের ঘোষণা দেন। বাকি চারটি ইউপি নির্বাচনেও বিএনপির পক্ষ থেকে অনিয়মের অভিযোগ আনা হয়। বেড়া উপজেলার নির্বাচনসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ইউপি নির্বাচন সাঁথিয়া উপজেলার বিএনপির নেতা-কর্মী ও প্রার্থী হতে ইচ্ছুকদের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তাঁরা সুষ্ঠুভাবে ভোট নিয়ে আশঙ্কা করছেন। এ কারণে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই নিয়ে আওয়ামী লীগের মতো উৎসাহ-উদ্দীপনা নেই।
সাঁথিয়া উপজেলা বিএনপির সভাপতি মাহবুব মোর্শেদ বলেন, ‘সারা দেশে সম্প্রতি হয়ে যাওয়া ইউপি নির্বাচন দেখে আমাদের নেতা-কর্মীরা চরম হতাশ। প্রার্থী নির্বাচন করতে গিয়ে আমরা বেশ সমস্যায় পড়েছি। কারণ, কারচুপির আশঙ্কায় দলীয় প্রার্থী হওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন অনেকে। তারপরও শিগগিরই আমরা প্রার্থী নির্বাচনের কাজ শুরু করব।’
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ভোটে ইতিমধ্যে সাত ইউনিয়নে প্রার্থী বাছাই শেষ হয়েছে। প্রার্থী বাছাই উপলক্ষে আয়োজিত ভোটের অনুষ্ঠানে দেখা গেছে সাজ সাজ রব। প্রার্থী বাছাইয়ের ভোটে নন্দনপুর ইউনিয়নে রবিউল ইসলাম ওরফে লিটন মোল্লা, গৌরীগ্রামে জয়নুল আবেদীন, কাশীনাথপুরে মঞ্জুর এলাহী, ধুলাউড়িতে জরিফ আহমেদ, ক্ষেতুপাড়ায় মনসুর আলম, আতাইকুলায় কোরবান আলী বিশ্বাস ও ভুলবাড়িয়ায় আবু ইউনুস বিজয়ী হয়েছেন। বাকি দুটি ইউনিয়নেও শিগগিরই তৃণমূলের ভোটে প্রার্থী বাছাই সম্পন্ন হবে।
সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল-মাহমুদ বলেন, ‘তৃণমূল নেতাদের ভোটে উৎসবের আমেজে আমাদের দলীয় প্রার্থী নির্বাচনের কাজ চলছে। তৃণমূলের ভোটে যাঁরা প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁরাই দলীয় মনোনয়ন পাবেন। আর বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে অনিয়মের যে আশঙ্কার কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। আমরাও চাই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জিতবেন।’
সাঁথিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউপির মধ্যে ৯টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে করমজা ইউপির নির্বাচন আপাতত হচ্ছে না।
সাঁথিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত আরা বলেন, পঞ্চম ধাপে আগামী ২৮ মে সাঁথিয়ার নয়টি ইউপিতে ভোট হবে। এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।