আ.লীগে একক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ l প্রথম আলো
হাছান মাহমুদ l প্রথম আলো

আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে বর্তমান সাংসদ হাছান মাহমুদ ছাড়া অন্য কেউ প্রার্থী হওয়ার আগ্রহ দেখাননি বলে নেতা-কর্মীরা জানান। দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করা হাছান মাহমুদ এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। কর্মীদের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলে রাঙ্গুনিয়া উপজেলা কমিটির নেতারা জানান।

তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচনে হাছান মাহমুদই লড়বেন। দল তাঁকেই মনোনয়ন দেবে বলে আশাবাদী তাঁরা। এখন পর্যন্ত এলাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী নেই। তবে কয়েকজন স্থানীয় নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে তাঁরা জেনেছেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, দল যাঁকে মনোনয়ন দেবে তাঁর জন্য নেতা-কর্মীরা কাজ করবেন। বর্তমান সাংসদ হাছান মাহমুদ এলাকায় নিয়মিত আসেন। তাঁর চেষ্টায় এলকার রাস্তাঘাটসহ অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। তাঁকে মনোনয়ন দেওয়া হলে এই আসন থেকে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে বলে আশাবাদী তিনি।

নেতা-কর্মীরা বলেন, রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগে প্রকাশ্যে কোনো কোন্দল নেই। তবে ২০১৪ সালের মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়ে লড়েন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মো. জসিম। পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে দলীয় মনোনয়ন পান সাংসদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী শাহ। এখন উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শামসুল আলম তালুকদার।

কাজী মো. জসিম বলেন, ‘দলের জন্য অনেক করেছি। মনোনয়ন পায়নি। এসব কথা আর বলে লাভ নেই।’

দলে কোন্দল নেই জানিয়ে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করায় জসিমকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। পরে তা প্রত্যাহার করা হয়।

মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দুই বছর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে খলিলুর রহমান চৌধুরী বলেন, সব ইউনিয়নে কমিটি গঠনের কাজ শেষ হওয়ার পর উপজেলা কমিটির সম্মেলন হবে।

হাছান মাহমুদ ছাড়াও এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহসভাপতি মো. ওসমান গনি চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর প্রয়াত বড় ভাই এম সাদেক চৌধুরী ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচনে লড়ে সামান্য ভোটের ব্যবধানে সালাউদ্দিন কাদের চৌধুরীর (মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া) কাছে পরাজিত হন। এলাকার লোকজনের জন্য তিনি কাজ করতে চান। প্রধানমন্ত্রীর আশ্বাসে গত নির্বাচনে লড়েননি বলে দাবি করেন তিনি।

২০০৮ সালের নির্বাচনে সাকা চৌধুরীকে হারিয়ে প্রথমবার সাংসদ হন হাছান মাহমুদ। পরে ২০১৪ সালের একতরফা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার রাঙ্গুনিয়া থেকে সাংসদ হন তিনি। আগামী নির্বাচনেও রাঙ্গুনিয়া আসন থেকে প্রার্থী হওয়ার কথা জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, গত নয় বছরে রাঙ্গুনিয়ায় ২ হাজার কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ, মসজিদ, মন্দির নির্মাণে এই টাকা ব্যয় হয়েছে। কর্ণফুলী নদীর ভাঙনরোধে আরও সাড়ে ৪ শ কোটি টাকা একনেকে অনুমোদন হয়েছে। রাঙ্গুনিয়ার পরিস্থিতি শান্ত রয়েছে। তাঁকে আবারও মানুষ নির্বাচিত করবে বলে আশাবাদী তিনি।