আ.লীগে কোন্দল, বিএনপিতে স্বস্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত ময়মনসিংহ জেলার নয়টি পৌরসভায় ভোট গ্রহণ হবে ৩০ ডিসেম্বর। কিন্তু আওয়ামী লীগে কোন্দলের পাশাপাশি রয়েছে ‘বিদ্রোহ’। নয়টির মধ্যে সাতটিতেই এখন পর্যন্ত রয়েছেন ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী।
অভ্যন্তরীণ কোন্দল ও একাধিক পৌরসভায় ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় বিএনপিও স্বস্তিতে নেই।
৩০ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা, ফুলপুর, গফরগাঁও, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, গৌরীপুর, ত্রিশাল, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ হবে।
স্থানীয় আওয়ামী লীগের সূত্র বলেছে, জেলা আওয়ামী লীগের দুই ভাগে বিভক্তি অনেকটা প্রকাশ্য। একটির নেতৃত্বে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। অন্যটির নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার ও ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক। কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতার আশীর্বাদ আছে এই পক্ষের ওপর। সাত মাস আগে জেলা কমিটিতে ‘কো-অপ্ট’ করা ও পৌর মেয়র ইকরামুলকে সদস্যপদ দেওয়া নিয়ে দুই পক্ষের কোন্দল প্রকট হয়। এই বিভক্তির জের আছে দলের উপজেলা ও পৌর শাখাগুলোতেও। যে নয়টি পৌরসভায় নির্বাচন হচ্ছে, এর অন্তত পাঁচটি উপজেলায় কোন্দল জোরালো।
আওয়ামী লীগের সূত্র বলেছে, পৌর নির্বাচনের মেয়র প্রার্থী মনোনয়নের জন্য জেলা কমিটির বিবদমান দুটি পক্ষ আলাদা তালিকা দেয় কেন্দ্রে। পাশাপাশি স্থানীয় সাংসদেরাও নিজ নিজ এলাকায় নিজস্ব সুপারিশ করেন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এই তিন পক্ষের মধ্যে যথাযথ সমন্বয় না হয়নি। ফলে বিদ্রোহী প্রার্থী, ক্ষোভ-অসন্তোষ বেশি।
ভালুকা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্থানীয় নেতা মেসবাহ উদ্দিন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন শেখ মো. ওমর ফারুক। ফুলপুরে দলীয় প্রার্থী শশধর সেন, বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মো. শাহজাহান। মুক্তাগাছায় দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবদুল হাই আকন্দ, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেবাশীষ ঘোষ। গৌরীপুরে দল মনোনীত প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামের বিরুদ্ধে লড়ছেন আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য শফিকুল ইসলাম। ত্রিশালে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে জাহিদুল ইসলাম, ‘বিদ্রোহী’ হিসেবে আছেন বর্তমান মেয়র এ বি এম আনিসুজ্জামান। নান্দাইলে মনোনয়ন পেয়েছেন রফিক উদ্দিন ভুঁইয়া, ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার ভূঁইয়া। ঈশ্বরগঞ্জে মনোনীত প্রার্থী বর্তমান মেয়র হাবিবুর রহমান, বিদ্রোহী প্রার্থী আবুল খায়ের। তবে গফরগাঁওয়ে দলের একক প্রার্থী ইকবাল হোসেন, ফুলবাড়িয়ায় গোলাম কিবরিয়া।
স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন, শেষ পর্যন্ত উপজেলায় কোন্দল ও বিদ্রোহ ঠেকানো না গেলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে নির্বাচনের ফলে।
অবশ্য জেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব পৌর নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার। গতকাল সোমবার তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচন প্রশ্নে তাঁরা সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের সভানেত্রী যেসব প্রার্থী মনোনয়ন দিয়েছেন, সবাই যোগ্যতম। ময়মনসিংহ আওয়ামী লীগের ‘ব্যাল্ট’। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরা সবাই শেষ পর্যন্ত প্রত্যাহার করবেন বলে তিনি বিশ্বাস করেন।
বিএনপি: ময়মনসিংহে বিএনপির সাংগঠনিক জেলা দুটি। ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ। দুটি জেলা কমিটিতেই আছে কোন্দল ও দ্বন্দ্ব। উত্তরের আহ্বায়ক খুররম খান একদিকে, আর যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন, আবুল বাশার আকন্দ অন্যদিকে। দক্ষিণের সভাপতি এ কে এম মোশাররফ ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের দ্বন্দ্বও প্রকট।
নয়টি পৌরসভার চারটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। ভালুকায় দলীয় প্রার্থী হাতেম আলী খান, বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র মফিজ উদ্দিন সরকার। মুক্তাগাছায় দলীয় প্রার্থী শহীদুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সদস্য মোরশেদুজ্জামান। ফুলবাড়িয়ায় দলীয় প্রার্থী ওমর ফারুক, বিদ্রোহী প্রার্থী চান মাহমুদ সরকার। ঈশ্বরগঞ্জে দলীয় প্রার্থী ফিরোজ আহমেদ, বিদ্রোহী প্রার্থী শামসুল ইসলাম। ফুলপুরে বিএনপির প্রার্থী আমিনুল হক, গফরগাঁওয়ে শাহ আবদুল্লাহ আল মামুন, গৌরীপুরে সুজিত কুমার দাস, ত্রিশালে আমিনুল ইসলাম ও নান্দাইলে আজিজুল ইসলাম।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন তালুকদার প্রথম আলোকে বলেন, নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই। দল যাঁদের মনোনয়ন দিয়েছে, সবাই তাঁদের পক্ষে কাজ করবেন। উত্তর জেলার অধীন পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই।
বক্তব্যের জন্য দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।
জানতে চাইলে কেন্দ্রীয়ভাবে বিএনপির নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের সঙ্গে যুক্ত দলের সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, সবাই যোগ্য। তাঁরা আশা করছেন, যাঁরা দলীয় মনোনয়ন পাননি, তাঁরা দলের সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকে, প্রশাসন যদি প্রভাবমুক্ত থাকে, তাহলে নির্বাচনে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে।