
চারবারের সাংসদ আবুল কালাম আজাদ। তাঁর সামনে দাঁড়িয়ে গেছেন আওয়ামী লীগের অন্তত তিনজন নেতা। একই অবস্থা বিএনপিরও। মনোনয়ন নিয়ে ভেতরে-ভেতরে কোন্দল বাড়ছেই। চারজন নেতা দলীয় মনোনয়ন পেতে তৎপর।
এ অবস্থা জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের। বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে এ সংসদীয় আসন। মোট ভোটার ৩ লাখ ৫০ হাজার ৯০ জন।
১৯৯১ সাল থেকে এ পর্যন্ত একবার বাদে প্রতিটি নির্বাচনেই আসনটি আওয়ামী লীগের দখলে রয়েছে। ২০০১ সালে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত নির্বাচিত হন। ২০০৮ সালে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ ১ লাখ ১৫ হাজার ৭২২টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সাহিদা আক্তার পান ৭০ হাজার ৬৮০টি ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ৪৯ হাজার ৬০০ ভোট পেয়েছিলেন।
আওয়ামী লীগে দ্বন্দ্ব
বর্তমান সাংসদ আবুল কালাম আজাদ ১৯৯১, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে সাংসদ হন। নবম সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি তথ্য ও সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার আজাদের সামনে অন্তত তিনজন মনোনয়নপ্রত্যাশী দাঁড়িয়ে গেছেন। তাঁরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ।
সাংসদ আবুল কালাম আজাদ বলেন, ‘দুই হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সড়ক নির্মাণসহ নানা উন্নয়নকাজ করেছি। অনেক কাজ চলমান রয়েছে। উন্নয়নকাজের কারণেই তৃণমূলের ভোটাররা আমাকে ভালোবেসে বারবার ভোট দেন।’ দলীয় কোন্দলের বিষয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে কারও দ্বন্দ্ব নেই। তাঁরাই আমাকে প্রতিপক্ষ ভাবেন। জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা তাঁদের দিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে রাখেন। এতে আমার ভোটের মাঠে কোনো প্রভাব আগেও পড়েনি, ভবিষ্যতেও পড়বে না।’
কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে থাকলেও প্রথম আলোর সঙ্গে কথা বলতে চাননি নূর মোহাম্মদ। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এক বছর আগেও সাংসদ আজাদের অনুসারী ছিলেন। তিনি মনোনয়নপ্রত্যাশী—এ বিষয়টি চাউর হওয়ার পর সাংসদের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়।
আবুল কালাম আজাদ বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের সমর্থন নিয়ে এবার আমি মনোনয়নপ্রত্যাশী। এই আসনের সব নেতা-কর্মীই প্রার্থী পরিবর্তন চান। বর্তমান সাংসদের মাঠপর্যায়ে তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই। কেন্দ্র থেকে নতুন প্রার্থী মনোনয়ন দিলে আমরা তাঁর পক্ষেই কাজ করব।’
স্বাধীনতার পর একমাত্র ১৯৭৩ সালে এ আসন থেকে দেওয়ানগঞ্জের মো. দেলোয়ার হোসেন সাংসদ নির্বাচিত হন। এরপর প্রায় ৪০ বছর এ উপজেলার কোনো নেতা আওয়ামী লীগের মনোনয়ন পাননি। দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন প্রায় ১৮ বছর ধরে মনোনয়নের প্রত্যাশায় মাঠে রয়েছেন।
ইস্তিয়াক হোসেন প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সাংসদ অবহেলিত দেওয়ানগঞ্জে আশানুরূপ কোনো উন্নয়ন করতে পারেননি। আমি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেছি। এ ছাড়া বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষকে সাহায্য করে আসছি। দেওয়ানগঞ্জের কাউকে এবার দলীয় মনোনয়ন না দিলে ভোটের হিসেব পাল্টেও যেতে পারে।’
বিএনপিতেও কোন্দল
২০০১ সালের নির্বাচনে এ আসনে বিএনপি নেতা এম রশিদুজ্জামান নির্বাচিত হন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা হয়েছিল। এ কারণে ২০০৮ সালের নির্বাচনে তিনি অংশ নিতে পারেননি। কিন্তু আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন চান তিনি। তবে তাঁর সামনে বড় বাধা দলীয় কোন্দল। বর্তমানে এখানে বিএনপির আরও অন্তত তিনজন প্রভাবশালী নেতা মনোনয়নের আশায় মাঠে আছেন।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান বলেন, ‘জেলার নেতাদের কারণে এখানে বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছিল। তবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে সব কোন্দল নিরসনের চেষ্টা চলছে। বর্তমানে সব নেতা-কর্মী কোন্দল ভুলে আমার সঙ্গে কাজ করছেন। আর সাংসদ থাকাকালে আমি ব্যাপক উন্নয়নকাজ করেছিলাম। ফলে সাধারণ ভোটাররা আমার পক্ষে আছেন। দলীয় মনোনয়ন পেলে আমিই জয়ী হব।’
২০০৮ সালের নির্বাচনে এম রশিদুজ্জামান অংশ নিতে না পারায় ভাগ্য খোলে সাহিদা আক্তারের। তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। সাহিদা আক্তার বলেন, ‘মইন উদ্দিন-ফখরুদ্দীনের আমলে নীলনকশার নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনেও বৃহত্তর ময়মনসিংহে বিএনপির সব প্রার্থীর মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। এবার নিরপেক্ষ নির্বাচনের পরিস্থিতি তৈরি হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে। সে ক্ষেত্রে দল আমাকেই মনোনয়ন দেবে বলে আমার বিশ্বাস।’
এ আসনে বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী আবদুল কাইয়ুমের বাড়ি বকশীগঞ্জে। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি। উপজেলা বিএনপির নতুন কমিটি কেন্দ্র থেকে এনে দিয়ে বকশীগঞ্জের রাজনীতিতে সক্রিয় হয়েছেন আবদুল কাইয়ুম।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী প্রথম আলোকে বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে। ফলে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে স্থবিরতা রয়েছে। এখন মনোনয়নযুদ্ধের চেয়ে দলীয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির প্রয়োজন বেশি। কিন্তু ওই আসনে মনোনয়নপ্রত্যাশীরা সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে ব্যক্তিগত প্রচার-প্রচারণায় ব্যস্ত বেশি। ফলে নেতা-কর্মীরাও বিভক্ত হয়ে পড়ছেন।’ কোন্দল নিরসনে জেলা বিএনপি কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।