আ.লীগে ছয়, বিএনপির তিন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ৪৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে আওয়ামী লীগ থেকে ছয়জন প্রার্থী সমর্থন চাইছেন। একই পদে বিএনপি থেকে সমর্থন চাইছেন তিনজন।

বিএনপির এই তিন প্রার্থী ইতিমধ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ও শুরু করেছেন। তবে দলের প্রার্থীদের এখনো এককভাবে সমর্থন দেয়নি বিএনপি ও আওয়ামী লীগ। তাই প্রার্থীরা কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন।

প্রার্থীরা জানিয়েছেন, দলের সমর্থন পেয়ে নির্বাচিত হলে ডিএনসিসির ৪৩ নম্বর ওয়ার্ডকে ঢেলে সাজাবেন। নিজের ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে ধারাবাহিকভাবে এলাকার উন্নয়নকাজ করবেন তাঁরা। কারণ এলাকাটি ইউনিয়ন থেকে সিটি করপোরেশনে যুক্ত হয়েছে। অবকাঠামোর দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। 

ডুমনী ইউনিয়ন পরিষদের ডুমনী, পাতিরা, সালনা, মাস্তুল, কাঠালদিয়া প্রভৃতি এলাকা নিয়ে ডিএনসিসির ৪৩ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে। প্রায় ৩৫ বর্গকিলোমিটার আয়তনের ওয়ার্ডটিতে ভোটার প্রায় ১৫ হাজার।

আওয়ামী লীগ

খিলক্ষেত থানা ও ডুমনী ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণে তারা একসঙ্গে বসেনি। কাউন্সিলর প্রার্থী হিসেবে যে যাঁর মতো করে এলাকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। তাঁদের মধ্যে আছেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি জাফর ইকবাল, ডুমনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোমেন, জ্যেষ্ঠ সহসভাপতি ও ডুমনী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল গাফফার, ডুমনী ইউনিয়নের সদস্য হেলাল উদ্দিন।

আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন, ডুমনীতে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী দলের সমর্থন চাইছেন। তাই তাঁদের সমর্থন দেওয়ার আগে প্রার্থীদের যোগ্যতা, সততা, দলীয় কার্যক্রমে সম্পৃক্ততা, দলের প্রতি অবদান বিবেচনা করতে হবে। পরে দল থেকে এককভাবে যাঁকে সমর্থন করা হবে, সবাইকে তাঁর হয়ে নির্বাচন করতে হবে।

খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি জাফর ইকবাল বলেন, ‘আমি ১৯৯৩ সাল থেকে বেরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। দলের দুর্দিনে কর্মীদের পাশে ছিলাম। তবে আগে কখনো নির্বাচন করিনি। এবার দল থেকে কাউন্সিলর পদে সমর্থন আশা করছি। আমার যোগ্যতা, সততা ও নিষ্ঠা দেখে সমর্থন দেবে দল।’ তিনি বলেন,  হাইব্রিড বা নব্য নেতারা দলের সমর্থনের জন্য বেশি দৌড়ঝাঁপ করছেন। তাঁদের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সচেতন থাকতে হবে।

একইভাবে দলের সমর্থন চেয়েছেন ডুমনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল গাফফার। তাঁরা বলেন, দল থেকে চূড়ান্ত প্রার্থী কে হবেন, তা জানেন না। এটা দলের সিদ্ধান্ত। তবে তাঁরা মনোনয়ন পাবেন বলে আশা করছেন।

প্রত্যেক প্রার্থীই ডিএনসিসির ৪৩ নম্বর ওয়ার্ডের নাগরিকদের সমস্যা সমাধানের জন্য নিজেকে যোগ্য মনে করছেন।

বিএনপি

বিএনপির স্থানীয় সূত্র জানায়, ডুমনী তথা ডিএনসিসির ৪৩ নম্বর ওয়ার্ডে বিএনপি থেকে দলের সমর্থন চাইছেন তিনজন। তাঁরা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ডুমনী ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম ও মজিবুর রহমান। তবে ইউনিয়ন পর্যায়ে বিএনপির কোনো কমিটি নেই বলে রেজাউল করিম ও মজিবুর রহমান নেতা হতে পারেননি বলে দাবি করেন তাঁরা। অন্য কাউন্সিলর প্রার্থী আক্তার হোসেন এখন কারাগারে আছেন।

বিএনপি থেকে মিলন মিয়া নামের আরেক ব্যক্তি সমর্থন চান বলে জানা গেছে। তবে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

বিএনপির স্থানীয় নেতারা জানান, প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে সোম বা মঙ্গলবার বৈঠক করবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ওই বৈঠকে ডুমনী থেকে যাঁরা সমর্থন চান, তাঁদেরও উপস্থিত থাকার কথা আছে। পরে দলের জ্যেষ্ঠদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে।

জানতে চাইলে ডুমনী ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করীম বলেন, ‘আমি দলের জন্য স্থানীয় পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। দল আমার ওপর আস্থা রেখে সমর্থন দিতে পারে, আমিও প্রতিদান দেব।’