আ.লীগে তিন বিদ্রোহী পৌর কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়া আরও দুই নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা গতকাল মঙ্গলবার পৌর আওয়ামী লীগের কার্যালয়ে তালা লাগিয়ে দেন। এই পৌরসভায় বিএনপির একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেওয়াজ আহম্মেদ ঠাকুর। তিনি বর্তমান মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি। পরপর দুবার তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন লিপি খানম। তিনি লোহাগড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি ঢাকায় থাকেন। এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য শরিফুল ইসলাম। ১৪ জুলাই যাচাই-বাছাই এবং ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ হবে আগামী ৭ আগস্ট।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গতকাল সকাল আটটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যালয়ে তালা লাগিয়ে দেন। তখন উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শরিফুল ইসলাম। তিনি বলেন, ত্যাগী নেতা-কর্মীদের মনোনয়ন না দিয়ে অরাজনৈতিক ও অপরিচিত একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় ক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন।
এ প্রসঙ্গে পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমীন বলেন, ‘আমি ঢাকায় আছি। কার্যালয়ে তালা দেওয়ার কথা শুনেছি। কারা এ কাজ করেছে, তা জানি না। তবে যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলেন, জেল-জুলুমের শিকার হয়েছেন, তাঁরা মনোনয়ন না পাওয়ায় দলের নেতা-কর্মীরা মনঃক্ষুণ্ন হয়েছেন।’
মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেলা দুইটার আওয়ামী লীগের লোহাগড়া পৌর কার্যালয়ের সামনে আশরাফুল আলমের পক্ষে একটি পথসভা হয়। এতে বক্তব্য দেন নবগঙ্গা কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল, কাশিপুর ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমান। তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, একজন অরাজনৈতিক ও অপরিচিত নারীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।
লিপি খানম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ছাত্রজীবনে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলাম। আমার রাজনীতি ঢাকাকেন্দ্রিক। দলের কেন্দ্রীয় নেতারা আমাকে চেনেন। তাঁরা খোঁজখবর নিয়েই আমাকে মনোনয়ন দিয়েছেন।’