
যশোর জেলা আওয়ামী লীগের নেতাদের পুরোনো দ্বন্দ্বের প্রভাব পড়েছে জেলার ছয়টি পৌরসভার মনোনয়নের ক্ষেত্রেও। জেলা নেতাদের মধ্যে প্রার্থী মনোনয়ন নিয়ে মতবিরোধের কারণে নির্বাচনী মাঠে পূর্ণমাত্রার দলীয় শক্তি থাকবে কি না তা নিয়ে নেতা-কর্মীদের সংশয় আছে।
অন্যদিকে যশোরের ছয়টি পৌরসভাতেই বর্তমান মেয়রদের মনোনয়ন দিয়েছে বিএনপি। জেলা নেতাদের মধ্যে দ্বন্দ্ব ও মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও অস্তিত্বের স্বার্থে তাঁরা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছেন। তবে দুএক জায়গায় দলীয় মনোনয়নের বাইরে কেউ কেউ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যশোর জেলায় এবার নওয়াপাড়া, মনিরামপুর, বাঘারপাড়া, চৌগাছা, কেশবপুর ও যশোর সদর পৌরসভায় নির্বাচন হচ্ছে।
আওয়ামী লীগে বিভক্তি: স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, যশোর জেলা আওয়ামী লীগে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন যশোর সদরের সাংসদ কাজী নাবিল আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তবে কাজী নাবিল আহমেদ সব সময় এলাকায় থাকতে না পারায় তাঁর হয়ে যশোরে নেতৃত্ব দেন জেলা সভাপতি শহীদুল ইসলাম।
ছয় পৌরসভায় দলীয় মনোনয়ন নিয়ে জেলা সভাপতি শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ছয়টির মধ্যে পাঁচটিতে আমার তালিকা থেকে মনোনয়ন পেয়েছেন। কেবল জেলা সদরের পৌরসভায় শাহীনের তালিকা থেকে মনোনয়ন পেয়েছেন।’ তিনি বলেন, ‘দলীয় মনোনয়নের জন্য শাহীনকে সভা ডাকতে বলেছিলাম। তিনি ডাকেননি। পরে আমি বাধ্য হয়ে জেলা, উপজেলা ও পৌর কমিটি নিয়ে সভা ডাকি। ওই সভায় জেলার ছয় সাংসদ ছিলেন। কেবল শাহীন ও তাঁর কয়েকজন অনুসারীরা ছিলেন না। সেই সভার মাধ্যমেই আমরা কেন্দ্রে নাম পাঠাই।’
জানতে চাইলে শাহীন চাকলাদার প্রথম আলোকে বলেন, ‘যশোর সদরের মনোনয়ন নিয়ে ছয় সাংসদ আমার বিরুদ্ধে নেত্রীর (শেখ হাসিনা) কাছে গিয়েছিলেন। কিন্তু নেত্রী রাজি হননি। আমি যাকে সমর্থন করেছি, তিনিই মনোনয়ন পেয়েছেন।’ তিনি বলেন, ‘চৌগাছা ও নওয়াপাড়ায় মনোনয়ন ভালো হয়নি। চৌগাছার প্রার্থী অরাজনৈতিক ব্যক্তি। তিনি আমাদের দল করেন না। নওয়াপাড়ার প্রার্থীর ভোট করার মতো যোগ্যতাই নেই।’
যশোরের ছয়টি পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন সুশান্ত দাস (নওয়াপাড়া), মাহমুদুল হাসান (মনিরামপুর), কামরুজ্জামান (বাঘারপাড়া), নূরুজ্জামান আল মামুন (চৌগাছা), রফিকুল ইসলাম (কেশবপুর) ও জহিরুল ইসলাম চাকলাদার (যশোর সদর)।
ঐক্যবদ্ধ থাকার চেষ্টায় বিএনপি: স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, যশোরের রাজনীতিতে বরাবরই কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলামের প্রভাব রয়েছে। এবার ছয় পৌরসভায় দলীয় মনোনয়নের ক্ষেত্রেও তাঁর প্রভাব লক্ষ করা গেছে। তবে যশোরে তরিকুলবিরোধীও একটা বলয় আছে।
স্থানীয় নেতারা জানান, যশোরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা তরিকুলের সমর্থক। আর সাধারণ সম্পাদক সাবিরুল হক প্রকাশ্যে না হলেও স্থানীয়ভাবে তরিকুলবিরোধী বলে পরিচিত।
জানতে চাইলে সাবিরুল হক প্রথম আলোকে বলেন, ‘তরিকুল ইসলামের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তাঁর সঙ্গে আলোচনা করেই দলীয় মনোনয়ন ঠিক করেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কঠিন সময় পার করছি। এই মুহূর্তে বিভাজনের সুযোগ নেই।’
যশোরের ছয় পৌরসভায় বিএনপির প্রার্থীরা হলেন রবিউল ইসলাম (নওয়াপাড়া), শহীদ মো. ইকবাল (মনিরামপুর), আবদুল হাই (বাঘারপাড়া), সেলিম রেজা আউলিয়া (চৌগাছা), আবদুস সামাদ বিশ্বাস (কেশবপুর) ও মারুফুল ইসলাম (যশোর সদর)।