আ.লীগে বিদ্রোহী বাড়ছে, প্রার্থী বাছাইয়ে হিমশিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা নিয়ে সন্তুষ্ট ছিল আওয়ামী লীগ। এরপরই নীতিনির্ধারকেরা রাশ কিছুটা আলগা করে দেন। ফলে দ্বিতীয় ধাপে বিদ্রোহী প্রার্থী বেড়ে যায়। এখন তৃতীয় ধাপের প্রার্থী বাছাই করতে গিয়ে হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ।
প্রথম ধাপে উপকূলীয় এলাকার ৭৩৮টি ইউপির ভোট গ্রহণ হবে ২২ মার্চ। আর এই ধাপে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৪১২ জন। দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ভোট হচ্ছে ৬৮৪টি ইউপিতে। আওয়ামী লীগের সূত্র বলেছে, এই ধাপে বিদ্রোহীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।
আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেন, প্রথম ধাপে হুমকি-ধমকিতে বিদ্রোহী কমে গিয়েছিল। দ্বিতীয় ধাপে আর কেউ হুমকি কানে তুলছেন না। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রথম দুই ধাপের প্রায় ১ হাজার ৪০০ ইউপির মধ্যে অন্তত ১৫০ ইউপিতে জনপ্রিয় ও যোগ্য প্রার্থী মনোনয়ন পাননি। এর প্রায় সবগুলোতেই বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছেন। উদাহরণ হিসেবে ওই নেতা বলেন, প্রথম ধাপে খুলনা জেলায় ৪৫ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন, যাঁদের মধ্যে অন্তত ১৩ জন বর্তমান চেয়ারম্যান। খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এ এস এম মোস্তফা রশিদী সুজার মধ্যে দ্বন্দ্বের জেরে বর্তমান চেয়ারম্যানরা মনোনয়ন পাননি। একইভাবে বরিশালের উজিরপুরে তিনজন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন। এ নিয়ে দলে ব্যাপক টানাপোড়েন চলছে।
দলীয় সূত্র বলেছে, প্রথম দুই ধাপের প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ছয়টি বৈঠক করেছে, বিপুলসংখ্যক প্রার্থী বাছাইয়ের জন্য যা খুবই কম সময়। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোর্ডের সভাপতি বলে এর চেয়ে বেশি বৈঠক করাও কঠিন। ফলে কিছু কিছু স্থানে জনপ্রিয় প্রার্থীও বাদ পড়ে গেছেন। এ জন্য তৃতীয় ধাপের প্রার্থী বাছাই শুরু হয়েছে আগেভাগেই। এখনো নির্বাচন কমিশন তৃতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করেনি। এরই মধ্যে প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দুই দিন বৈঠক করেছে। প্রায় ৪৫০ জন প্রার্থীর একটি প্রাথমিক তালিকাও তৈরি করেছে দলটি। গত রোববার সন্ধ্যার পরও বৈঠক হয়।
জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সদস্য আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, অল্প সময়ে যতটুকু সম্ভব সঠিক প্রার্থী বাছাই করার চেষ্টা আছে। কিছু সমস্যা থাকতেই পারে। তবে তা একেবারে নিয়ন্ত্রণের বাইরে যায়নি। আরও সূক্ষ্মভাবে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে তৃতীয় ধাপের মনোনয়ন বোর্ডের বৈঠক আগে থেকেই শুরু করা হয়েছে।
সূত্র বলেছে, তৃতীয় ধাপে দল পরিবর্তন করে কিংবা উড়ে এসে জুড়ে বসাদের প্রচুর নাম এসেছে কেন্দ্রে। এর মধ্যে নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যক্তির নাম তৃণমূল থেকে পাঠানো হয়েছে বলে কেন্দ্রে অভিযোগ এসেছে। মাদারীপুরের পূর্ব নেয়ামতপুরে সৌদিপ্রবাসীকে প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, মামলায় জর্জর, আওয়ামী লীগের তৃণমূলের চাপ ও সাংগঠনিক দুর্বলতার কারণে অনেক স্থানে বিএনপির প্রার্থী নেই। আওয়ামী লীগের বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থান নিলে দলীয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছেন। এতে চারদিকে সমালোচনার ঝড় উঠছে। এই পরিস্থিতিতে কিছুটা ঢিলে দেওয়া হলে সব ইউপিতে একাধিক বিদ্রোহী দাঁড়িয়ে যাচ্ছেন। এতে তৃণমূল পর্যায়ে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হচ্ছে। ফলে চাপ দেওয়া না-দেওয়া দুটিই সমস্যার।
আওয়ামী লীগ সূত্র বলেছে, প্রথম পর্বের মনোনয়ন বণ্টন ও বঞ্চিতদের অভিযোগ নেওয়ার জন্য আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সেল খোলা হয়। কিন্তু পরে এই অভিযোগ সেলের কার্যক্রম খুব একটা চলেনি। একাধিক ভুক্তভোগী দাবি করেন, অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না। এ জন্য বঞ্চিত ব্যক্তিরা এখন অভিযোগ দিতে খুব একটা কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন না। এ ছাড়া জেলা ও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বাণিজ্য করার এবং জনপ্রিয়তার বদলে পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেওয়ার অভিযোগ করেছেন বঞ্চিত নেতারা।
এবার জেলা পর্যায় থেকে বিচ্ছিন্নভাবে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হচ্ছে। তবে বিদ্রোহী প্রার্থীরা এসব বহিষ্কারে গা করছেন না। ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়িয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন আবদুল মালেক। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাসুদুর রহমান মল্লিক। তিনি অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থীর পেছনে প্রভাবশালী একটা মহল আছে। এ জন্য কাউকে পাত্তা দিচ্ছেন না। আর বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক বলেন, তিনিই জনপ্রিয়, দলের অধিকাংশ নেতা তাঁর সঙ্গে। এরপরও মনোনয়ন পাননি। এ জন্যই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।