একদিকে বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি, অন্যদিকে গুরুত্বপূর্ণ নেতাদের নিষ্ক্রিয়তা। ক্ষমতাসীন আওয়ামী লীগ টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে এই দুই সমস্যায় রয়েছে। পরিস্থিতি সামলাতে ১৩ জনকে বহিষ্কার করেছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিযোগে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর দল মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় নামার নির্দেশনা না মানায় বহিষ্কৃত হয়েছেন আট নেতা।
বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কৃত পাঁচ ব্যক্তি হলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উয়ার্শী ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহেল শাফি, আনাইতারা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ময়নাল, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মিজানুর রশিদ আবু, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু মতিন এবং মহেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদশা মিয়া। ১৩ মে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ একাব্বর হোসেন ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে ওই ব্যক্তিদের বহিষ্কারের কথা জানানো হয়।
দলীয় প্রার্থীদের পক্ষে কাজ না করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সদস্য মির্জা শামীমা আক্তার, দুই সহসভাপতি মোবারক হোসেন সিদ্দিকী ও নুরুল ইসলাম, সদস্য এস এম সানোয়ার হোসেন, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. সুরুজ আল মামুন, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম বদরুল আলম এবং মহেড়া আওয়ামী লীগের সদস্য সাহাদৎ হোসেনকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশে গত রোববার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান এবং সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ওই ব্যক্তিদের বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কার ও নিষ্ক্রিয় থাকার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য মীর্জা শামীমা আক্তার কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম ও জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম বদরুল আলমের মুঠোফোনে বারবার কল করা হলেও তাঁরা ফোন ধরেননি।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, বিদ্রোহী প্রার্থী থাকায় এবং দলীয় নেতাদের নিষ্ক্রিয়তার কারণে আওয়ামী লীগের প্রার্থীরা বেকায়দায় রয়েছেন। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, নেতা-কর্মীরা সবাই ঐক্যবদ্ধ রয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ভোটাররা নৌকা মার্কায়ই ভোট দেবেন।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২৮ মে এই উপজেলার আট ইউপিতে নির্বাচন হলেও মূলত ছয়টিতে নির্বাচনে রয়েছে বিএনপি। বাঁশতৈল ইউপিতে বিএনপির মনোনীত প্রার্থী সোহরাব হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আর মহেড়া ইউপিতে দলটির প্রার্থী আলী হোসেন খোকন গোপনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোহরাব ও আলী হোসেনকে উপজেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশও দিয়েছে।