আ.লীগে বিদ্রোহী, বিএনপির দুর্বল প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলায় পাঁচটি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছেন তিন ‘বিদ্রোহী’ প্রার্থী। আর বিএনপির নেতা-কর্মীরা মনে করছেন, তাঁদের প্রার্থীরা তুলনামূলক ‘দুর্বল’, প্রার্থী মনোনয়ন ভুল হওয়ায় বিএনপিকে ভুগতে হবে।
নেত্রকোনা সদর, কেন্দুয়া, দুর্গাপুর, মোহনগঞ্জ ও মদন—এই পাঁচটি পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোট হবে। এর মধ্যে তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন।
আওয়ামী লীগ-অধ্যুষিত সদর পৌরসভায় দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের জেলা যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র নজরুল ইসলাম খান। এখানে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তবে দলীয় কোন্দল আছে। এখান থেকে মনোনয়ন চেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র প্রশান্ত কুমার রায়। গত নির্বাচনে তিনি নজরুল ইসলাম ও তিনবারের নির্বাচিত পৌর চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খানকে পরাজিত করেন। এর বাইরে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ছোট ভাই মাসুদ খানসহ নয়জন মনোনয়ন চেয়েছিলেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্রগুলো বলছে, এই দুজন মনোনয়ন না পেয়ে কিছুটা হতাশ। দলের প্রার্থীর সঙ্গে থেকে কাজ করার কথা বললেও আসলে তাঁরা বা তাঁদের অনুসারীরা কতটুকু মাঠে থাকবেন তা নিয়ে সংশয় আছে। অবশ্য তাঁরা এ-ও বলছেন, বিএনপির প্রার্থী একেবারে নতুন হওয়ায় আওয়ামী লীগের জয় নিয়ে তাঁরা খুব একটা চিন্তিত নন। তবে দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় সব পক্ষের নেতারা ছিলেন।
জানতে চাইলে প্রশান্ত কুমার রায় প্রথম আলোকে বলেন, দলীয় সভানেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে দ্বিতীয় কোনো চিন্তা করা বেমানান। তিনি কর্মী হিসেবে দলের পক্ষে কাজ করে যাবেন। মাসুদ খানও সংবাদ সম্মেলন করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান প্রথম আলোকে বলেন, বড় দলে কিছু গোষ্ঠী দ্বন্দ্ব থাকে। তবে নেত্রকোনা সদরে তা নেই।
কেন্দুয়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আসাদুল হক ভূঁইয়া। এখানে ছাত্রলীগের সাবেক নেতা আল মামুন ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী।
মোহনগঞ্জে দলীয় মনোনয়ন পেয়েছেন লতিফুর রহমান। বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন যুবলীগের নেতা জহিরুল ইসলাম। মদনে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম। এখানে দলটির বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুল হান্নান তালুকদার। আর দুর্গাপুরে আওয়ামী লীগের একক প্রার্থী আবদুস সালাম। স্থানীয় সূত্রগুলো বলছে, মদন ও মোহনগঞ্জে বিএনপির অবস্থান তুলনামূলক ভালো। এখানে বিদ্রোহী প্রার্থী থাকায় আওয়ামী লীগকে বেকায়দায় পড়তে হতে পারে। তেমনটি অবশ্য মনে করেন না নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান। তিনি প্রথম আলোকে বলেন, তিনটির মধ্যে মোহনগঞ্জ ও কেন্দুয়ায় যে দুজন স্বতন্ত্র প্রার্থী তাঁরা আওয়ামী লীগের পরিচিত কেউ নন। তাঁরা মনোনয়নও চাননি। তারপরও শেষ পর্যন্ত তাঁরা সব জায়গায় একক প্রার্থী রাখার চেষ্টা করবেন।
বিএনপি: নেত্রকোনা সদরে গত নির্বাচনে বিএনপি-সমর্থিত কোনো প্রার্থী ছিলেন না। এবার দলের দুজন জ্যেষ্ঠ নেতাকে মনোনয়ন দেওয়ার চিন্তা ছিল বিএনপিতে। কিন্তু তাঁরা প্রার্থী হতে রাজি হননি। শেষে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। বিএনপির স্থানীয় অনেকেও বলছেন, আওয়ামী লীগ-অধ্যুষিত এই এলাকায় বিএনপির প্রার্থী যথেষ্ট শক্তিশালী নন। জানতে চাইলে মনিরুজ্জামান বলেন, তাঁর জন্ম সদরে। তিনি তৃণমূল থেকে ধাপে ধাপে উঠে এসেছেন। তা ছাড়া ধানের শীষ প্রতীকই অনেক শক্তিশালী। অবাধ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
বিএনপির একাধিক সূত্র জানায়, নেত্রকোনার দুর্গাপুর ও কেন্দুয়াতে বিএনপির অপেক্ষাকৃত যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। দুর্গাপুরে মনোনয়ন পেয়েছেন জামাল উদ্দিন। এ অঞ্চলটি হিন্দু ও গারো সম্প্রদায়-অধ্যুষিত। এখানে সাবেক মেয়র শুভেন্দু সরকারকে মনোনয়ন দেওয়া হলে এই ভোটগুলো টানা সহজ হতো। এখানে আবার আছে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান।
কেন্দুয়াতে মনোনয়ন পেয়েছেন শফিকুল ইসলাম। এর বাইরে মোহনগঞ্জে বিএনপির মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মাহবুবুন্নবী শেখ। আর মদনে মাশরিকুর রহমান। এই পৌরসভায় স্বতন্ত্র লড়ছেন বিএনপির সাবেক নেতা দেওয়ান মোদাচ্ছের হোসেন। তিনি গতবারও স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হয়েছিলেন।
নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার প্রথম আলোকে বলেন, বিএনপির যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে পকেটের লোকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে যোগ্যরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন তেমনি দলের ভাবমূর্তিও অনেকটা নষ্ট হয়েছে। অভিযোগ আছে, নেত্রকোনা জেলার তিনটি সংসদীয় আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করেছিলেন এমন তিনজনের হস্তক্ষেপে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
জানতে চাইলে নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শুধু কেন্দুয়ার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে কেন্দ্র থেকে। দলীয় প্রার্থীদের দুর্বল মনে করেন না তিনি। তিনি বলেন, ‘তৃণমূলের নেতারা যাঁদের সমর্থন দিয়েছেন তাঁদের সবাইকে আমরা যোগ্য মনে করি।’