রাজশাহীর বাগমারা উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে এবারও বিদ্রোহী প্রার্থীদের দমাতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সাংসদের ভাইসহ ১২ বিদ্রোহী প্রার্থী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহী প্রার্থীদের কারণে বেকায়দায় রয়েছেন দলীয় প্রার্থীরা। তবে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার পর বিএনপি তার বিদ্রোহী প্রার্থীদের দমাতে সক্ষম হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, চতুর্থ দফায় গত ৭ মে বাগমারার ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর দুদিন আগে ৫ মে রাতে অনিবার্য কারণ দেখিয়ে ১৬টি ইউনিয়নেরই নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর গত ২৬ সেপ্টেম্বর ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগের স্থানীয় দলীয় সূত্রে জানা যায়, ১৬টির মধ্যে ৮টি ইউনিয়নেই সাংসদের ভাইসহ ১২ জন বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। এর আগে ঘোষিত তফসিলে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা ছিল আট। গত তফসিলে শ্রীপুর ও হামিরকুৎসায় বিদ্রোহী প্রার্থী না থাকলেও এবার আছেন।
আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থীরা হলেন নরদাশে স্থানীয় ইউনিয়ন শাখার সভাপতি আবদুর রশিদ, আউচপাড়া ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি মাহাতাবুর রহমান, মাড়িয়া ইউনিয়নে সাংসদের ছোট ভাই স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সহসভাপতি রেজাউল হক, আওয়ামী লীগের উপজেলা শাখার সদস্য আকবর আলী, গোয়ালকান্দিতে আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সহসভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, শ্রীপুরে ইউনিয়ন শাখার সহসভাপতি হাবিবুর রহমান, গণিপুরে ইউনিয়ন শাখার সভাপতি হারুণ অর রশিদ, দ্বীপপুরে ইউনিয়ন শাখার সদস্য দুলাল হোসেন, হামিরকুৎসা ইউনিয়নে আনোয়ার হোসেন ও যোগিপাড়ায় যুবলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান।
অপর দিকে বিএনপিতে গত তফসিলে চার ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ছিলেন। আর এবার আছে মাত্র একটিতে। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে একমাত্র বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলের ইউনিয়ন শাখার আহ্বায়ক হাবিবুর রহমান। অন্য তিন ইউনিয়ন যোগিপাড়া, মাড়িয়া ও কাচারী কোয়ালীপাড়ার বিদ্রোহী প্রার্থীরা এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
বিএনপির উপজেলা কমিটির সভাপতি মকলেছুর রহমান মণ্ডল জানান, দলের প্রতি আনুগত্য দেখিয়ে গত তফসিলের বিদ্রোহীরা নির্বাচন থেকে সরে গেছেন এবং নতুন করে কেউ বিদ্রোহী প্রার্থী হননি। তাই তাঁদের প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে দাবি করেন এ বিএনপি নেতা।
যোগিপাড়া ইউনিয়নে গত তফসিলে দলের মনোনয়ন পাওয়া লাইলা আরজুমান লিপি বলেন, গত তফসিলে দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তবে এবার দলের প্রতি আনুগত্য দেখিয়ে আর প্রার্থী হননি।
এদিকে আওয়ামী লীগের বাগমারার কর্মী মুনসুর রহমান, রহমত আলী, মনিরুল ইসলাম বলেন, বিদ্রোহী প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। তাঁদের দমাতে দল থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অনেক ইউনিয়নে এলাকায় গ্রহণযোগ্যতা নেই এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় দলের পদধারী অনেক নেতাও বিদ্রোহী প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করছেন। এতে দলীয় প্রার্থীরা বেকায়দায় রয়েছেন বলে মন্তব্য করেন এই নেতারা। বিদ্রোহী প্রার্থীদের কারণে দলে প্রার্থীদের ভরাডুবি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি মতিউর রহমান বলেন, বেশ কয়েকটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা মাঠে রয়েছেন। তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।