আ.লীগে বিদ্রোহীর ছড়াছড়ি দুটিতে নেই বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনিবার সিলেটের জকিগঞ্জ উপজেলার নয়টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাতটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ১০ জন। দুটি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। জাতীয় পার্টির (জাপা) প্রার্থী রয়েছেন আটটি ইউপিতে।
কাজলসার ইউপিতে চেয়ারম্যান পদে নয়জন লড়ছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী জুলকার নাইন লস্কর। দলটির বিদ্রোহী প্রার্থী রয়েছেন তিনজন। তাঁরা হলেন জহুরুল হক, আতিকুর রহমান ও আবদুল গফুর। বিএনপির প্রার্থী মোস্তাক আহমদ ও বিদ্রোহী প্রার্থী চেরাগ আলী। জাপার প্রার্থী জামাল আহমদ। এ ছাড়া আবুল হোসেন ও বর্তমান চেয়ারম্যান আবদুর রশীদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
খলাছড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ইউপি চেয়ারম্যান কবীর আহমদ। এখানে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গফুর আলী ও সদস্য গোলাম মোস্তফা। জাপার প্রার্থী আবদুল হক। এ ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই।
বিরশ্রী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ইউনুছ আলী ও বিদ্রোহী প্রার্থী সালেহ আহমদ। বিএনপির জয়নাল আহমদ চৌধুরী, জাপার আবদুল আজিজ সিরাজী। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান আবদুস সালাম চৌধুরী।
জকিগঞ্জ সদর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ও বিদ্রোহী সালেহ আহমদ। বিএনপির প্রার্থী হাসান আহমদ। জাপার আতাউর রহমান ও বিদ্রোহী মাহতাব আহমদ।
সুলতানপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম। এখানে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান তাপাদার ও বিদ্রোহী প্রার্থী হাসান আহমদ। জাপার প্রার্থী জালাল উদ্দিন ছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন স্বতন্ত্র হিসেবে লড়ছেন।
বারঠাকুরী ইউপিতে বর্তমান চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী। দলটির বিদ্রোহী প্রার্থী হয়েছেন জামাল উদ্দিন আহমদ। সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বিএনপির প্রার্থী। এ ছাড়া জাপার ময়নুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউসুফ আলী লড়াই করছেন।
কসকনপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রাজ্জাক তাপাদার ও বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর। স্বতন্ত্র আবদুস সাত্তার ও জাকির হোসেন। এ ইউপিতে বিএনপি ও জাপার কোনো প্রার্থী নেই।
বারহাল ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মিছবাহ জামান ও বিএনপির বুরহান উদ্দিন। জাপার আবুল কালাম আহমদ চৌধুরী। স্বতন্ত্র মোস্তাক আহমদ চৌধুরী ও জাকির আহমদ চৌধুরী। এর মধ্যে মোস্তাক জামায়াত-সমর্থিত হিসেবে পরিচিত।
মানিকপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবু জাফর মো. রায়হান। বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরী। জাপার প্রার্থী মাহতাব আহমদ চৌধুরী। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলী চৌধুরী ও লুৎফুল্লাহেল মাজেদ।
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী বলেন, এরই মধ্যে বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, দুটি ইউপিতে উপযুক্ত লোক পাওয়া যায়নি বলে দলীয় প্রার্থী দেওয়া হয়নি।