
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়নপ্রত্যাশীদের পোস্টারে ছেয়ে গেছে পুরান ঢাকার লালবাগ-চকবাজার-বংশাল থানা নিয়ে গঠিত ঢাকা-৭ নির্বাচনী এলাকা। এই আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩টি ওয়ার্ড পড়েছে। সংসদীয় এই আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা এখন পর্যন্ত সাতজন। প্রার্থীর ছড়াছড়ি থাকায় নেতা–কর্মীদের মধ্যে বিভক্তি বেড়েছে।
এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তেমন কোনো তৎপরতা নেই। দলটির নেতা–কর্মীরা বলছেন, এখন পর্যন্ত পাঁচজনের নাম শোনা যাচ্ছে।
সমঝোতার ভিত্তিতে নির্বাচন হলে জাতীয় পার্টি এই আসনটি চাইবে আওয়ামী লীগের কাছে। দলটির এক কেন্দ্রীয় নেতা দীর্ঘদিন ধরে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছয়টি সংসদ নির্বাচনে তিনবার জয় পেয়েছে বিএনপি, দুবার আওয়ামী লীগ। সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজি মোহাম্মদ সেলিম। নির্বাচিত হওয়ার পর দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। পরে অবশ্য দলে আবার ফিরিয়ে নেওয়া হয় তাঁকে। এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এখান থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন তিনি। ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে হেরে যান।
স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ বলছে, হাজি সেলিম দীর্ঘদিন ধরে অসুস্থ। দেশের বাইরে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন তিনি। দলীয় কর্মকাণ্ডেও আগের মতো সক্রিয় নন। তাঁর কথাও জড়িয়ে যায়। এ অবস্থায় তাঁর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম। বিষয়টি বুঝতে পেরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে তাঁর ছেলে ব্যবসায়ী সোলায়মান সেলিমকে সামনে আনছেন। সোলায়মানও আছেন মনোনয়নপ্রত্যাশীদের তালিকায়।
রাজধানীর সেন্ট্রাল রোডের ব্যবসায়িক কার্যালয়ে সম্প্রতি কথা হয় হাজি সেলিমের সঙ্গে। তবে তাঁর কথা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। পরে সাংসদের একজন সহকারী তাঁর বক্তব্য বুঝিয়ে দেন এই প্রতিবেদককে। হাজি সেলিম যা বলেছেন তা অনেকটা এ রকম, ‘কথা বলতে অসুবিধা হয়। এ ছাড়া শারীরিক আর কোনো অসুবিধা নেই। নিয়মিত জনসংযোগ চালিয়ে যাচ্ছি।’
সোলায়মান সেলিম মনোনয়নপ্রত্যাশী কি না, জানতে চাইলে সাংসদ বলেন, ভবিষ্যতের জন্য ছেলেকে প্রস্তুত করা হচ্ছে।
এই এলাকায় আওয়ামী লীগ থেকে এর আগে তিনবার নির্বাচন করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন। এর মধ্যে ২০০৮ সালে জয় পেলেও হেরেছেন ১৯৯১ ও ২০১৪ সালে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাবেক এই কেন্দ্রীয় নেতা ইতিমধ্যেই উঠান বৈঠক, আলোচনা সভাসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী কাউকে নির্দিষ্ট করে নির্দেশনা দেননি। তাই অনেকেই মনোনয়ন চাইছে।’
আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজি সেলিম ও মোস্তফা জালাল মহিউদ্দিন ছাড়াও মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ও ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিল হুমায়ুন কবির। ১৯৯৪ সাল থেকে একটানা কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন তিনি। বৃহত্তর লালবাগ থানার সাধারণ সম্পাদক ছিলেন টানা ২৪ বছর। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে দল এবার মূল্যায়ন করবে বলে প্রত্যাশা তাঁর।
এলাকায় নিয়মিত জনসংযোগ চালাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন। এ ছাড়া প্রচার চালাচ্ছেন বংশাল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান (মানিক)।
আওয়ামী লীগের বাইরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন মহাজোটের প্রার্থী হতে আগ্রহী। তিনি প্রথম আলোকে বলেন, ‘জোটবদ্ধ নির্বাচন করলে মহাজোটের মনোনয়ন চাইব। আর জোট না হলে তো আমি দলের একক প্রার্থী।’
বিএনপিতে প্রার্থী–সংকট
এই এলাকায় বিএনপির একচ্ছত্র নেতা ছিলেন নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টু। ২০১৫ সালে কারাবন্দী থাকা অবস্থায় তিনি মারা যান। তাঁর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা এখন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি। ২০০২ সালে ঢাকা সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে কমিশনার নির্বাচিত হন তিনি। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনি অন্যতম। তবে এলাকায় তাঁর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ ও হতাশা আছে দলীয় নেতা–কর্মীদের একাংশের মধ্যে। নির্বাচনে প্রার্থিতা নিয়ে কথা বলতে চাননি তিনি। তবে তাঁর ভাই মশিউর রহমান বলেন, মনোনয়ন পেলে অবশ্যই নির্বাচন করবেন নাসিমা আক্তার।
বিএনপির একটি অংশ মনে করে, রক্ষণশীল এলাকা হিসেবে পরিচিত পুরান ঢাকায় নারী প্রার্থী নিয়ে জয়ী হওয়া যাবে না। এ ছাড়া পিন্টুর প্রভাব ছিল হাজারীবাগ এলাকায়। আসন পুনর্বিন্যাসের কারণে হাজারীবাগ এখন ঢাকা–৭ আসনের অন্তর্ভুক্ত নয়। এ বিষয়টি সামনে নিয়ে এসেছেন বিএনপির নেতা–কর্মীদের অনেকে। তাঁরা বলছেন, এই আসনে বিএনপিতে যোগ্য প্রার্থীর সংকট রয়েছে।
বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সহসভাপতি আবু মোতালেব। সামাজিকভাবে প্রচারণা চালাচ্ছেন তাঁরা। এই দুই নেতা বলেছেন, মনোনয়ন না পেলেও দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন তাঁরা। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন ঢাকা মহানগরের (দক্ষিণ) সহসভাপতি মোশাররফ হোসেন খোকন ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল।
প্রধান দুই জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুর রহমানও নির্বাচনী মাঠে আছেন। গত মেয়র নির্বাচনে ঢাকা দক্ষিণ থেকে নির্বাচন করেন তিনি। প্রথম আলোকে আবদুর রহমান বলেন, ‘বেলা সাড়ে ১১টায় মেয়র নির্বাচন বর্জন করেও তৃতীয় হয়েছি।’