কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের কমিটি নেই দশ মাস। পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে আড়াই মাস আগে। ফলে সংগঠনটির উভয় শাখা এখন অভিভাবকহীন হয়ে পড়েছে। একই কারণে ছাত্রলীগের কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। উপজেলা আওয়ামী লীগের মধ্যে দুটি পক্ষ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
বিলুপ্ত উপজেলা কমিটির সভাপতি মো. কায়কোবাদ বলেন, ‘আমরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা পরিবারের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের শিকার। শুধুমাত্র এই কারণে দল ক্ষমতায় থাকলেও এই উপজেলায় ছাত্রলীগের রাজনীতি নেই।’
তবে কায়কোবাদের এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন সংগঠনটির বেশ কয়েকজন নেতা। এ বিষয়ে বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক শাহিন সওদাগর অভিযোগ করেন, কমিটি গঠন হওয়ার পর সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের জ্যেষ্ঠ কিছু নেতা লুটপাটের রাজনীতি শুরু করে দিয়েছিলেন। এই বদনাম গোছাতেই দ্রুত কমিটি ভেঙে দেওয়া হয়েছিল।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৪ অক্টোবর ছাত্রলীগের উপজেলা কমিটি গঠন করা হয়েছিল। ৬১ সদস্যের কমিটির মো. কায়কোবাদ সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন আল সাকী। কাছাকাছি সময়ে রাজু আহমেদকে সভাপতি ও মো. অপুকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় পৌর ছাত্রলীগ। কমিটি গঠনের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন বর্তমান সভাপতির চাচা আবুল হোসেন।
২০১৪ সালের ১৫ নভেম্বর ইমতিয়াজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভাপতি হন। ইমতিয়াজ দায়িত্বে আসার পর আবুল হোসেন কোণঠাসা হয়ে পড়েন এবং প্রকাশ্য রাজনীতি থেকে নিজেকে আড়াল করে রাখেন। আড়ালে থাকলেও নেতৃত্ব নিয়ে পরিবারটিতে কোন্দল স্পষ্ট। উপজেলা ও পৌর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বেশির ভাগ নেতাকে আবুল হোসেনের অনুগত ভাবা হয়। ফলে ইমতিয়াজ দলের দায়িত্ব নেওয়ার পর ছাত্রলীগের বেশির ভাগ নেতা কোণঠাসা হয়ে পড়েন। ২০১৬ সালের ১৩ এপ্রিল উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। একই বছরের ২৪ নভেম্বর পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।
বর্তমান বিলুপ্ত কমিটির কিছু নেতা ইমতিয়াজের আস্থাভাজন হয়ে ছাত্ররাজনীতি করছেন। এর মধ্যে বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক শাহিন সওদাগর ছাড়াও একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুদুল হক ও পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জোনায়েদ আহমেদ রয়েছেন।
কমিটি না থাকায় কার্যক্রমে স্থবিরতা নেমে আসার পাশাপাশি বিভক্তিও স্পষ্ট হয়। এর নেতিবাচক প্রভাব পড়েছে ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বেও। একই কারণে ইউনিয়ন কমিটির অনেকে এখন রাজনীতি থেকে দূরে আছেন। কমিটি না থাকায় এই বছর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়নি। কোনো কর্মসূচিতে ছাত্রলীগের দলগত অংশগ্রহণও ছিল না।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি মো. লোসান, দপ্তর সম্পাদক মাছুম খান, নির্বাহী সদস্য মোশারফ হোসেন এখন আর রাজনীতিতে নেই। নির্বাহী সদস্য আবদুল কাদির একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করছেন। সহসভাপতি মো. রাসেল চাকরি করছেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে। অন্যদের বেশির ভাগ নিজ এলাকায় পেশায় মনোযোগী হয়ে সময় পার করছেন। পৌর কমিটির চিত্র একই।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন বলেন, ‘সমস্যার শুরু উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল থেকে। কারণ, কাউন্সিলটি যথাযথ প্রক্রিয়ায় হয়নি। বর্তমান সভাপতি ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়ে রাজনীতি করায় ছাত্রলীগের নেতৃত্বে ধস নামে।’
দেশের বাইরে অবস্থান করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের চেয়ে সৎ ও যোগ্য নেতৃত্বকে গুরুত্ব দেওয়ায় অনেকে সংগঠন থেকে চলে যাচ্ছেন।