আ.লীগে বিরোধ, বিএনপিতে স্বস্তি

আসনটি চট্টগ্রাম-১০। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার এ আসনে বর্তমান সাংসদ নগর আওয়ামী লীগের সহসভাপতি আফছারুল আমীন দলের মধ্যেই প্রবল বিরোধিতার মুখে রয়েছেন। বিগত দুই নির্বাচনে বিজয়ী আফছারুলের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের দূরত্ব যেমন রয়েছে, তেমনি এ আসনে তাঁকে চ্যালেঞ্জ জানাতে মাঠে রয়েছেন অন্তত দুজন প্রার্থী।
অপরদিকে এ আসনে একবার নির্বাচন করে হেরে যাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান কিছুটা স্বস্তির মধ্যে রয়েছেন। কারণ, নির্বাচনী মাঠে এখন পর্যন্ত দলে তাঁর প্রতিদ্বন্দ্বী নেই।
১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন থেকে এ পর্যন্ত ছয়টি নির্বাচনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুটিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এবার দুই দলের প্রার্থীই মনে করছেন, সুষ্ঠু নির্বাচন হলে তাঁদের জয় সুনিশ্চিত।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় ১৯৯১ সালে। ওই নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগের তৎকালীন উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়াকে পরাজিত করেন। পরে উপনির্বাচনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী জয়ী হন। এরপর ’৯৬ সালের দুটি এবং ২০০১-এর নির্বাচনে এ আসনে জিততে আমীর খসরুকে বেগ পেতে হয়নি। ’৯৬ ও ২০০১ সালে তাঁর কাছে হেরে যান আফছারুল আমীন।
২০০৮ সালের নির্বাচনের আগে আসনটির সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন। পতেঙ্গা ও হালিশহরের বড় একটি অংশ নিয়ে আলাদা আসন (চট্টগ্রাম-১১) করা হয়। ২০০৮ সালের নির্বাচনে আমীর খসরু পতেঙ্গা-হালিশহর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর পাহাড়তলী, হালিশহর, ডবলমুরিং, খুলশী ও পাঁচলাইশ থানার পূর্ণাঙ্গ ছয় ওয়ার্ড ও আংশিক দুই ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনে বিএনপির মনোনয়ন পান আবদুল্লাহ আল নোমান। নির্বাচনে হেরে গেলেও নোমান মাঠ আঁকড়ে রয়েছেন। প্রতি সপ্তাহে এলাকায় গণসংযোগ করছেন।
বিরোধিতার মুখে আফছারুল আমীন
’৯৬ থেকে টানা চারবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন আফছারুল আমীন। কিন্তু ’৯৬ ও ২০০১ সালের দুটি নির্বাচনেই হেরে যান তিনি। ২০০৮ সালে ভাগ্য খুলে যায় তাঁর। ১ লাখ ৩৭ হাজার ১০৬ ভোট পেয়ে বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমানকে ৯ হাজার ২৯১ ভোটের ব্যবধানে পরাজিত করেন। নির্বাচনে জিতে তিনি নৌপরিবহনমন্ত্রী হিসেবে শপথ নেন। মন্ত্রিসভা রদবদল হলে তিনি দায়িত্ব পান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দলীয় নেতাদের কারও কারও ভাষ্য, মন্ত্রী হওয়ার পর সংগঠনের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে আফছারুল আমীনের। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে গত বছরের ৯ এপ্রিল চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি অনুষ্ঠানে তিনি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের দিকে তেড়ে যান। ওই ঘটনার ভিডিও ও স্থিরচিত্র গণমাধ্যমে এলে ব্যাপক আলোচনার ঝড় ওঠে। এ ছাড়া ২০০৯ সালের জুনে আগ্রাবাদে ওয়াটার ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের কার্যালয়ের নিয়ন্ত্রণ সাংসদ এম এ লতিফের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। তৎকালীন নৌপরিবহনমন্ত্রী আফছারুল আমীনের পক্ষে সাংসদ লতিফের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন মহিউদ্দিন চৌধুরী। কিন্তু ওই সময় লতিফ লাঞ্ছিত হলে আফছারুল আমীন এর দায় মহিউদ্দিন চৌধুরীর ঘাড়ে চাপিয়ে দেন বলে আলোচনা আছে।
দলীয় নেতাদের অভিযোগ, দলীয় কর্মসূচিতে আফছারুল আমীনকে পাওয়া যায় না। নির্বাচনী এলাকায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পরপর দুই মেয়াদে এলাকায় কী উন্নয়ন করেছেন, সেই তালিকা তাঁর কাছে চেয়েছিল নগর আওয়ামী লীগ। কিন্তু এ বিষয়ে সংগঠনকে কোনো তথ্য দেননি তিনি।
সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমরা তাঁর (আফছারুল আমীন) নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের তালিকা চেয়েছি, যাতে আগামী নির্বাচনের আগে জনগণের কাছে তা তুলে ধরতে পারি। কিন্তু তাঁর সহযোগিতা পাইনি।’
অভিযোগ প্রসঙ্গে আফছারুল আমীন প্রথম আলোকে বলেন, ‘আমি শহর এলাকার এমপি। গ্রামের এমপির তুলনায় উন্নয়ন কর্মকাণ্ডে আমার ভূমিকা কম। সিটি করপোরেশনই সব উন্নয়ন করবে। এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কোনো ফিরিস্তি দলের সভাপতি বা সম্পাদক আমার কাছে চাননি।’
মন্ত্রী মোশাররফের দিকে তেড়ে যাওয়া প্রসঙ্গে আফছারুল আমীন বলেন, ‘মোশাররফ সাহেবের সঙ্গে তো আর কিছু হয়নি। তিনিই বলেছিলেন, যা হয়েছে, এটা ভুলে যাও।’
মাঠে আরও দুজন
এ আসনে আফছারুল আমীনকে চ্যালেঞ্জ জানাতে প্রচারণা শুরু করেছেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত। প্রতিটি ওয়ার্ডে তিনি যাচ্ছেন। মসজিদ ও দাতব্য প্রতিষ্ঠানে দান করছেন। গরিবদের মধ্যে খাবার বিতরণ করছেন। তাঁর পোস্টারেও ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। মনোনয়ন পাওয়ার ব্যাপারে পুরো আশাবাদী বলে জানালেন তিনি।
ফরিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমার রাজনৈতিক গুরু প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তাঁর কাছ থেকে রাজনীতি শিখেছি। তাঁর উৎসাহে আমি নির্বাচনী মাঠে নেমেছি। সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে ঘরে ঘরে যাচ্ছি। নেত্রী আমাকে মনোনয়ন দিলে এলাকার লোকজনের মধ্যে আস্থা আসবে।’
ফরিদ মাহমুদ ছাড়াও নগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ এ আসনে নির্বাচন করতে আগ্রহী। এ ছাড়া চট্টগ্রাম-১১ (পতেঙ্গা-হালিশহর) আসনেও তিনি মনোনয়ন চাইবেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম এ আজিজের ছেলে তিনি।
সাইফুদ্দিন খালেদ বলেন, চট্টগ্রাম-১০ আসনের রাস্তাঘাটের ভয়ানক দশা। কিন্তু স্থানীয় এমপি হিসেবে আফছারুল আমীন চাইলে কাজ করতে পারতেন। কিন্তু তিনি করছেন না। এ ছাড়া সংগঠনের সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে গেছে।
বিএনপিতে নোমান নির্ভার
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ২০০৮ সালে হেরে গেলেও মাঠ ছাড়েননি। প্রতিটি ওয়ার্ডে ঘুরছেন। দান-খয়রাতও করছেন। এ আসনে তাঁকে চ্যালেঞ্জ জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়া আর কেউ নেই। কিন্তু দলীয় সূত্রের ভাষ্য, চট্টগ্রাম-১১ আসন আমীর খসরুর জন্য একপ্রকার বরাদ্দ। তাই অনেকটা নির্ভার নোমান।
আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, এ আসনে বিএনপি শক্তিশালী। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় কেউ ঠেকাতে পারবে না।
এই আসনের সার্বিক রাজনীতি সম্পর্কে মূল্যায়ন করে এখানকার স্থায়ী বাসিন্দা ও মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্ট, চট্টগ্রামের মহাসচিব ফাহিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আফছারুল আমীন ব্যক্তি হিসেবে স্বচ্ছ। কিন্তু কর্মীরা তাঁর কাছে যথাযথ রাজনৈতিক আচরণ পাচ্ছেন না বলে মনে হচ্ছে। এ কারণে আওয়ামী লীগ থেকে অন্তত দুই-তিনজন মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। ফাহিম বলেন, চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগবিরোধী ভোট বেশি। কিন্তু অন্য এলাকার বাসিন্দা বিএনপির আবদুল্লাহ আল নোমান এই সুযোগ কতটুকু কাজে লাগাতে পারবেন, তা নিয়ে সন্দেহ আছে।