আ.লীগে ভাবমূর্তির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরোধে গত দেড় মাসে দুজন নিহত হয়েছেন। আর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন একজন। দলীয় কোন্দল ও পুলিশকে মারধরের অভিযোগে তিন উপজেলায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরে দেড় মাসে নিজেদের কোন্দলে এক আওয়ামী লীগ ও আরেক ছাত্রলীগ কর্মী নিহত হন। দৌলতপুরে যুবলীগের হামলায় দুই কৃষক লীগ নেতা আহত হয়েছেন। মিরপুরে যুবলীগের মারধরে ফলের দোকানের মালিক ও পুলিশের এক উপপরিদর্শক আহত হন। এসব হত্যাকাণ্ড ও মারধরের ঘটনায় দলীয় নেতা-কর্মীরা জড়িত থাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো  ভাবমূর্তি সংকটে পড়েছে।

জানতে চাইলে কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করার দরকার নাই তো।’

যুবলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার শহরের কমলাপুর এলাকায় শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাটের ব্যক্তিগত কার্যালয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তিনটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে। আটক হন যুবলীগের দুই কর্মী। থানায় সম্রাটের নামে মামলা হয়েছে। এরপর থেকেই তিনি পলাতক। শুক্রবার দল থেকে সম্রাটকে বহিষ্কার করা হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, বর্ধিত সভা ডেকে নেতাদের সাবধান করে দেওয়া হয়েছে। কারও ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না।

গত ১০ জুলাই কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী শাহরুখ খান পিয়াসকে প্রকাশ্যে গুলি করে সন্ত্রাসীরা। ২৩ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় যুবলীগের কর্মী টুটুলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়।

১৫ আগস্ট কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে শহর আওয়ামী লীগের বহিষ্কৃত এক নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সবুজ হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, কিছু খারাপ লোকের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যাঁরা দলে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাঁদের ছাড় দেওয়া হবে না।

গত বুধবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির হোসেন নামে এক যুবলীগ নেতা নিহত হওয়ার পর গা ঢাকা দিয়েছেন অনেক নেতা-কর্মী। কয়েক দিন আগে র‌্যাব আওয়ামী লীগের কর্মী মোস্তাফিজুর রহমান ওরফে মধুকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, পুলিশ কাউকে ছাড় দেবে না। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, তালিকা করে সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।