আ.লীগে মনোনয়নপ্রত্যাশী ১৭, সিদ্ধান্ত দেয়নি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের পাঁচটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর বিষয়ে গতকাল রোববার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ১৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তাঁদের মধ্যে ১৭ জন জমা দিয়েছেন। আলোচিত দুই প্রার্থী দলীয় মনোনয়ন ফরম জমা না দেওয়ায় তাঁদের নিয়ে দলে কৌতূহল সৃষ্টি হয়েছে। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে।
হবিগঞ্জ পৌরসভায় এত দিন মনোনয়নপ্রত্যাশী ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি নীলাদ্রি শেখর পুকায়স্থ, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মর্তুজা আলী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান। মিজানুর রহমান ফরম সংগ্রহ করলেও গতকাল রোববার সময়সীমার মধ্যে জমা দেননি। মো. মোতাচ্ছিরুল ইসলাম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহই করেননি। এ দুজন মনোনয়নপ্রত্যাশীর দিকে গতকাল সবার নজর ছিল। তাঁদের বেশ কয়েকজন সমর্থক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁরা স্বতন্ত্র প্রার্থী হবেন।
দলের একটি সূত্র জানায়, যে ১৭ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় ফরম জমা দিয়েছেন, তাঁদের হলফনামা জমা দিতে হয়েছে। তাতে উল্লেখ রয়েছে, মনোনয়নের ক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। পরবর্তী সময়ে মনোনয়ন না পাওয়া প্রার্থীরা দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করতে পারবেন না। দলীয় এই ফরম জমার ক্ষেত্রে লিখিত কিছু শর্ত থাকায় অনেকেই এ ফরম জমা বা গ্রহণ করেননি।
গতকাল বেলা দুইটা পর্যন্ত ছিল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম জমা দেওয়ার শেষ সময়। এ বিষয়ে রাতে দলীয় সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটা পর্যন্ত একক প্রার্থীর কোনো ঘোষণা দেয়নি জেলা আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক মো. আলমগীর খান জানান, এখনো দল থেকে কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে নবীগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দাঁড়িয়েছে ১৩ জনে। তাঁরা হলেন নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী ও সমর্থক সুখেন্দু রায়। শায়েস্তাগঞ্জ পৌরসভায় আবদুল্লাহ সরকার ও শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ছালেক মিয়া। মাধবপুরে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিরেন্দ্র লাল সাহা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শাহ মো. মুসলিম। চুনারুঘাটে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম, আইনজীবী শহিদুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর কাদির ও আবদুল্লাহ আল মামুন।