আ.লীগে যোগ দিয়েও রক্ষা হচ্ছে না
আওয়ামী লীগে যোগ দিয়েও শেষ রক্ষা হচ্ছে না কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনের। গতকাল মঙ্গলবার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলায় নূর হোসেন ছাড়া আরও ১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নূর হোসেনের ভাই নুরুল কবিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
দলীয় ও পুলিশ সূত্র জানায়, নূর হোসেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। নাশকতা ও হত্যাসহ চারটি মামলা হয় তাঁর বিরুদ্ধে। মামলা থেকে বাঁচতে গত ১৭ নভেম্বর চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেন আওয়ামী লীগে। তবে ১৮ নভেম্বর স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ওরফে বাদশা হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। ৩০ নভেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। ২ ডিসেম্বর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী চকরিয়া এলে তিন শতাধিক নারী নিয়ে আওয়ামী লীগ আয়োজিত পথসভায় যোগ দেন। পথসভায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বক্তব্য দেন। ৭ ডিসেম্বর চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন ও তাঁর পরিবারের ওপর হামলা করেন। এ ঘটনায় ১১ জন আহত হন।
জানতে চাইলে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কাউন্সিলর নূর হোসেন হত্যা ও নাশকতাসহ চারটি মামলার আসামি। সম্প্রতি কিছু নেতার প্রশ্রয়ে আওয়ামী লীগে যোগদানের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। যোগদানের ২০ দিন পরই আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা তারই প্রমাণ বহন করে।
নূর হোসেন বলেন, ‘আমির হোসেনের ছেলে আমাকে ইট মারলে ঘটনার সূত্রপাত হয়।’ এক প্রশ্নের জবাবে কাউন্সিলর নূর হোসেন বলেন, ‘১৭ নভেম্বর চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলমের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিই। ৩০ নভেম্বর কারাগার থেকে বের হওয়ার পর ২ ডিসেম্বর চকরিয়ায় আওয়ামী লীগ আয়োজিত মন্ত্রী মায়ার পথসভায় বিপুল নারীকে নিয়ে অংশগ্রহণ করি। আমার কারণে আওয়ামী লীগের কোনো ক্ষতি হচ্ছে না।’ তবে চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম দাবি করেন, নূর হোসেন আওয়ামী লীগে যোগ দেননি।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, কাউন্সিরল নূর হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।