আ.লীগে যোগ দিলেন কুষ্টিয়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় আইলচারা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় গতকাল সাংসদ মাহবুব উল আলম হানিফকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান l ছবি: প্রথম আলো
কুষ্টিয়ায় আইলচারা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় গতকাল সাংসদ মাহবুব উল আলম হানিফকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান l ছবি: প্রথম আলো

কুষ্টিয়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আইলচারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দল পরিবর্তন করেন।

আওয়ামী লীগে যোগ দেওয়া উপলক্ষে আইলচারা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করা হয়। কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ এ সভায় প্রধান অতিথি ছিলেন। আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হন।

সিদ্দিকুরের ছোট ভাই শিল্পপতি আবদুর রশীদও এ সময় আওয়ামী লীগে যোগ দেন। রশীদ চাল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অটো ও মেজর হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ‘সিদ্দিকুর রহমান জেলা বিএনপির কোষাধ্যক্ষ। তাঁর এই যোগদানের বিষয়ে দুই-এক দিনের মধ্যে একটা সিদ্ধান্ত জানানো হবে।’

বিএনপির কয়েকজন নেতা বলেন, সিদ্দিকুর আইলচারা ইউনিয়ন বিএনপির সভাপতিও ছিলেন। মাত্র দুই দিন আগে সেই কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত ইউপি নির্বাচনে সিদ্দিকুর স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হন। আর আবদুর রশীদ বিএনপির কোনো পদে ছিলেন না। তিনি বিএনপির বড় অর্থদাতা হিসেবে পরিচিত।

সিদ্দিকুর বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সদরের সাংসদের (হানিফ) কাছে যখন যা চেয়েছি, তাই পেয়েছি। এলাকার উন্নয়ন হচ্ছে। এ জন্য তাঁকে খুব ভালো লেগেছে। তাই আমার সমর্থিত কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দিলাম।’

জনসভায় মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি এ দেশের মানুষের জন্য কোনো রাজনীতি করে না। তারা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, সিদ্দিকুর দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। আর ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। তিনি এখন থেকে আর বিএনপির কেউ নন।