আ.লীগে যোগদানের খবর অসত্য ভিত্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন গণমাধ্যমে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে রাঙামাটি থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ উষাতন তালুকদার জানিয়েছেন, তাঁর আওয়ামী লীগে যোগদানের খবর সত্য নয়। কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে গতকাল তাঁকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
অবশ্য প্রথম আলো সাংসদের দলবদল নিয়ে কোনো খবর প্রকাশ করেনি।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, উষাতন তালুকদার আওয়ামী লীগে যোগদান করছেন কি না, তা তাঁরা জানেন না। এ বিষয়ে জেলা আওয়ামী লীগকে কিছু জানানো হয়নি। যদি যোগদান করেও থাকেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে গ্রহণ করবেন না।
বিজ্ঞপ্তিতে সাংসদ বলেন, রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্ব সম্পর্কে জনমতকে বিভ্রান্ত করতে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
সাংসদ উষাতন তালুকদার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি।
এ বিষয়ে জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা প্রথম আলোকে বলেন, ‘এমপি (সাংসদ) সাহেবের আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। কিছু ব্যক্তি জনসংহতি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ অপপ্রচার চালাচ্ছে। এ ছাড়া তাঁকে বেকায়দায় ফেলতে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য প্রচার করাচ্ছে।’