বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল বোহাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। তবে চেয়ারম্যান পদে এবারও চরবাসীর মধ্য থেকে প্রার্থী না থাকায় হতাশ ভোটাররা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চারজনই ‘শহুরে’ ও ‘অতিথি’।
এর মধ্যে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী চরে থাকেন না, আসেন নদীর ওপার থেকে। বসবাস করেন অন্য ইউনিয়নে। আর বিএনপির ধানের শীষের প্রার্থী থাকেন ৪০ কিলোমিটার দূরে অন্য উপজেলায়।
‘শহুরে’ ও ‘অতিথি’ প্রার্থীরা চেয়ারম্যান হলে নাগরিক সুবিধাবঞ্চিত চরের মানুষের ভাগ্য কতটা বদলাবে, তা নিয়ে সংশয় কাটছে না বছরজুড়ে সংগ্রাম করে বেঁচে থাকা ভোটারদের। এখন নির্বাচন সামনে রেখে গত দিনের চাওয়া-পাওয়ার হিসাব মেলাচ্ছেন তাঁরা।
২২ মার্চ প্রথম ধাপে সারিয়াকান্দি উপজেলার অন্য ১১টি ইউনিয়নের সঙ্গে বোহাইল ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানকার ভোটার সংখ্যা প্রায় ১৪ হাজার।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নে নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা তরফদার। বিএনপি থেকে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল মজিদ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাছুদুল ইসলাম ও তাহেরুল ইসলাম। বোহাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) ছিলেন তাহেরুল ইসলাম।
সরেজমিনে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোলাম মোস্তফা তরফদারের চরে কোনো বাড়িঘর নেই। তিনি বসবাস করেন যমুনা নদীর পশ্চিম তীরবর্তী রোহদহ ইউনিয়নে। আবদুল মজিদ বসবাস করেন শেরপুর উপজেলা সদরে। তিনি সেখানেই ধানচালের ব্যবসা করেন। স্বতন্ত্র প্রার্থী মাছুদুল ইসলাম বগুড়া শহরে ও তাহেরুল ইসলাম নদীর পশ্চিম পাড়ের রোহদহ গ্রামে বসবাস করেন। মাছুদুল পেশায় ব্যবসায়ী আর তাহেরুল পেশায় মুহুরি।
বোহাইল বাজারের একটি চায়ের দোকানে নির্বাচনী আড্ডায় সরগরম ভাব বিরাজ করছিল। আড্ডায় যোগ দিতেই ভোটাররা বললেন, পাঁচ দফায় ২৫ বছর ধরে চেয়ারম্যান গোলাম মোস্তফা তরফদার। তবে চরে কোনো বাড়িঘর বা জায়গা-জমি নেই তাঁর। প্রয়োজন হলে দিনের বেলা আসেন, দিনের আলো থাকতেই চর ছাড়েন।
ভোটারদের আক্ষেপ, একটা নাগরিকত্ব, জন্মসনদ বা গরু বিক্রির একটা সনদের দরকার হলে নৌকায় নদী পারাপার হয়ে ওপারে গিয়ে চেয়ারম্যানের কাছ থেকে আনতে হয়। পরিষদ কার্যালয় থাকলে এমনটা হতো না।
বোহাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, ইউনিয়নে কোনো স্কুল-কলেজ নেই। দুই বছর আগে এই নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এখন অষ্টম শ্রেণি পর্যন্তই আটকে আছে চরের শিক্ষার্থীদের শিক্ষাজীবন। শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিশু বয়সেই মেয়েদের বাল্যবিবাহ হচ্ছে।
বোহাইল গ্রামের কৃষক মকবুল হোসেন বলেন, যমুনার খেয়ানির্ভর চরের জীবন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই ঘণ্টা পর দিনে চার খেয়ায় চলে এখানকার জীবন-জীবিকা। চারটার পর জনপদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই চর। অথচ এখানে বাজারঘাট নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, স্বাস্থ্যকেন্দ্র নেই, কৃষি পরামর্শকেন্দ্র নেই।
বিএনপির প্রার্থী আবদুল মজিদ দাবি করেন, শেরপুর সদরে থাকলেও চরে তাঁর বাড়িঘর ও জায়গা-জমি আছে। তিনি মাঝেমধ্যেই চরে আসেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থী ২৫ বছর ধরে চেয়ারে আছেন, তিনি চরে একটা ইট ফেলেও উন্নয়ন করতে পারেননি। দুর্গম চরে হেঁটে চলাচলের রাস্তাঘাটও নেই। ইউপি ভবন নির্মাণের জন্য তিনি তিন বিঘা জমি দান করেছেন। কিন্তু তিনি ভবন করতে পারেননি।
আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা তরফদার বলেন, ‘২৫ বছর ধরে চরের মানুষের সুখে দুঃখে পাশে আছি। নদীর অন্য পাড়ে বসবাস করলেও কেউ ডাকলেই সেখানে ছুটে যাচ্ছি। বরাদ্দ না পাওয়ায় ইউপি ভবন করতে পারিনি, তবে দুটো কমিউনিটি ক্লিনিক করেছি, কিছু কাঁচা রাস্তাঘাট করেছি। অন্যরা তো মৌসুমি নেতা, নির্বাচনে ভোটের জন্য চরে যাতায়াত করছেন, ভোট ফুরিয়ে গেলে চরে ছায়া মিলবে না।’