কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। কিন্তু দলটির আরেক নেতা মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদীর পক্ষে তাঁর পরিবারের সদস্যরা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ফজলুল করিম সাঈদী প্রথম আলোকে বলেন, ‘গত পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলাম। এর আগে দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। মূলত সমর্থকদের চাপের মুখে প্রার্থী হয়েছি। পৌরসভার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে। বিদ্রোহী প্রার্থী নয়, নাগরিক কমিটির ব্যানারে আমি নির্বাচন করব।’
আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী বলেন, ফজলুল করিম সাঈদী শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকলে ভোটের হিসাব-নিকাশ পাল্টে যাবে। পৌরসভার ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে তাঁর নিজস্ব ভোটব্যাংক আছে। এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবেন বিএনপির প্রার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক চকরিয়া পৌরসভা ছাত্রলীগের একজন নেতা বলেন, পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর নিজস্ব অবস্থান নেই। সাধারণ ভোটাররাও তাঁকে তেমন চেনেন না। অন্য কোনো নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতাও তাঁর নেই। ফজলুল করিম সাঈদী গত নির্বাচনে অংশ নিয়ে পাঁচ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘ফজলুল করিম সাঈদী নির্বাচন করবেন কি না, জানি না। তবে দলীয় কোনো নেতা নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচন করে দলে থাকবেন, তা হতে পারে না।’ তিনি বলেন, ‘সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করানোর চেষ্টা করব। এতে হয়তো এক সপ্তাহ সময় লাগবে।’
জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর চৌধুরী বলেন, ‘দলীয় প্রধান আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। এর বাইরে কেউ প্রার্থী হলে সেটি দল বুঝবে। আমার কাজ দলীয় প্রধানের মূল্যায়নের প্রতিদান দেওয়া।’