আ.লীগের আট বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিন ইউনিয়নে আওয়ামী লীগের ছয় বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীকে গতকাল শুক্রবার দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই দিন জামালপুরে আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত ছয়জনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
সাময়িক বহিষ্কার হওয়া প্রার্থীরা হলেন ছলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মদন মিয়া চিশতী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. এরসাদ আলী, ফরদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল আজিজ, তেজখালী ইউনিয়নের চেয়ারম্যান গাজী ফাইজুর রহমান, তেজখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. নুরুল ইসলাম ও সফিকুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মদন মিয়া চিশতী বলেন, ‘এলাকাবাসী আমাকে চায় বলেই নির্বাচন করছি, দল থেকে বহিষ্কার করা হয়েছে তাতে কী হয়েছে, নির্বাচন থেকে আমি পিছু হটব না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে যাঁরা বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন, তাঁদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এদিকে জামালপুর সদর উপজেলায় বহিষ্কৃত প্রার্থীরা হলেন তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুন-অর-রশিদ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন। তাঁরা দুজন তিতপল্লা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় শৃঙ্খলা ভেঙে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।