
রংপুরের গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের আটজন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত নেতারা হলেন বেতগাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান চৌধুরী ও দেবদুলাল রায়, কোলকোন্দ ইউনিয়নের আবদুর রউফ ও আবু তায়েম চৌধুরী, বড়বিলের রেদওয়ানুল হক, লক্ষ্মীটারী ইউনিয়নের ফয়সাল হাসান, মর্ণেয়ায় জিল্লুর রহমান ও আলমবিদিতর ইউনিয়নের সাদেকুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থীদের মূল বাধা হয়ে দাঁড়িয়েছে দল থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরাই। সেই সঙ্গে উপজেলার মাঠপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল ইসলাম বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ওই আটজন প্রার্থী হওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ষষ্ঠবারের মতো ৪ জুন গঙ্গাচড়ায় নয় ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ৬০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।