আ.লীগের আড়ম্বরপূর্ণ বিজয় শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ রাজধানী​েত গতকাল বিকেলে বিজয় শোভাযাত্রা বের করে। ছবিটি শাহবাগ থেকে তোলা l প্রথম আলো
আওয়ামী লীগ রাজধানী​েত গতকাল বিকেলে বিজয় শোভাযাত্রা বের করে। ছবিটি শাহবাগ থেকে তোলা l প্রথম আলো

বিজয়ের ৪৪ বছর পূর্তি আড়ম্বরে উদ্যাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল বুধবার বিজয় দিবসে দিনভর নানা কর্মসূচির পর বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিশাল ও বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে দলটি। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। হাতে পতাকা, মাথায় পতাকার আদলে ব্যান্ড আর মুখে স্লোগান নিয়ে ঢাকা ও এর আশপাশ থেকে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকেরা এই শোভাযাত্রায় অংশ নেন।
বিজয় শোভাযাত্রার আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে একটি ট্রাককে অস্থায়ী মঞ্চ বানিয়ে সমাবেশ হয়। এর আগে দুপুর থেকেই ঢাকা ও এর আশপাশ থেকে নেতা-কর্মীরা ট্রাকে-বাসে করে বা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে সমবেত হতে থাকেন। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে আওয়ামী লীগের নেতারা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থান, শিখা চিরন্তনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন করেন।
এরপর শাহবাগ, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি মোড়, মিরপুর রোড হয়ে শোভাযাত্রাটির অগ্রবর্তী অংশ ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে পৌঁছায় প্রায় এক ঘণ্টা পর। শোভাযাত্রার সামনের অংশ যখন বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে পৌঁছায়, তখনো পেছনের অংশ ছিল শাহবাগে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মুখে স্লোগান ছিল, ‘মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের বহনকারী কিছু ট্রাকও ছিল মঞ্চের আদলে সজ্জিত। কোনো কোনো ট্রাক আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা, কাগজের কামান, প্রতীকী রাইফেল ও ট্যাঙ্কে সুসজ্জিত করা হয়। কেউ কেউ মুক্তিযোদ্ধাদের মতো রণসজ্জায় সেজে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারের আত্মসমর্পণ ও প্রতীকী ফাঁসির মঞ্চ বানিয়ে যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকরের আয়োজন করেন। ট্রাকে লাগানো মাইকে ঐতিহাসিক সাতই মার্চে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। শোভাযাত্রার পথের আশপাশে সড়কে যানজটের সৃষ্টি হয়।
শোভাযাত্রা-পূর্ব সমাবেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। দেশ অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। পৃথিবী আজ দেখুক, বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যায় না। যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে, ফাঁসি কার্যকর হচ্ছে। যতই চক্রান্ত, ষড়যন্ত্র চলুক না কেন, সব যুদ্ধাপরাধীর রায় কার্যকর হবেই। কেউ ঠেকাতে পারবে না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মাহবুব উল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।