আয়-ব্যয়ের হিসাব শেষে ক্ষমতাসীন আওয়ামী লীগের তহবিলে ৩ কোটি ৩৮ লাখ টাকা উদ্বৃত্ত রয়ে গেছে। অপর দিকে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও তহবিলের ঘাটতি কাটিয়ে উঠতে পারেনি দেশের অন্যতম বড় দল বিএনপি। তাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ১৪ লাখ টাকার ওপরে।
দল দুটির নেতারা গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের কাছে ২০১৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেন। আওয়ামী লীগের পক্ষে হিসাব জমা দেন দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। বিএনপির হিসাব জমা দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম আমিনুল হক ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আওয়ামী লীগের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৫ সালে ক্ষমতাসীন দলটি আয় করেছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। এ সময়ে দলটির ব্যয় হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। অর্থাৎ তহবিলে উদ্বৃত্ত আছে প্রায় ৩ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার ৯০৬ টাকা।
মোট আয়ের মধ্যে সদস্যদের চাঁদা থেকে ২ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৭৭০ টাকা, উপনির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি করে ১৫ লাখ ২৫ হাজার, অনুদান সংগ্রহ বাবদ ২ কোটি ৩১ লাখ টাকা, প্রকাশনা বিক্রি ও বিজ্ঞাপন বাবদ ৬৩ লাখ ৯৪ হাজার ৯৩৫, ব্যাংক থেকে পাওয়া সুদ বাবদ ১ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ৭৯৯ এবং অন্যান্য খাত থেকে ২ লাখ ৯৫ হাজার ৮৭১ টাকা আয় হয়েছে।
অন্যদিকে মোট ব্যয়ের মধ্যে কর্মচারীদের বেতন বাবদ ৬২ লাখ ২১ হাজার ৫৭৫ টাকা, অনুষ্ঠান ও সভা-সমাবেশ বাবদ ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৯০ টাকা, প্রকাশনা বাবদ ৬৮ লাখ ৮২ হাজার ৭০৪ টাকা, ত্রাণ কাজে ব্যয় ২১ লাখ ৬৯ হাজার ১৪৫ টাকা এবং অন্যান্য খাতে ব্যয় হয়েছে ২২ লাখ ৪ হাজার ৬৫৫ টাকা।
২০১৪ সালের হিসাবে আওয়ামী লীগের আয় হয়েছিল ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা এবং ব্যয় ছিল ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা। ২০১৪ সালের শেষে দলটি তহবিলের সমাপনী জের ছিল ২০ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ১১৭ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ২৩ টাকায়।
হিসাব জমা দেওয়ার পর আবদুস সোবহান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের আয়ের মূল উৎস ছিল দলের প্রাথমিক সদস্য সংগ্রহ, মাসিক চাঁদা, উপনির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি, অনুদান ও প্রকাশনাসহ অন্যান্য খাত। আর ব্যয় হয়েছে কর্মচারীদের বেতন, অনুষ্ঠান, সভা, প্রকাশনা ও ত্রাণ খাতে। তিনি জানান, আয়-ব্যয়ের হিসাবের বিবরণ দলের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
বিএনপির হিসাবে দেখা গেছে, ২০১৫ সালে দলটির আয় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা। একই সময়ে তাদের ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা। অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ১৪ লাখ ২৬ হাজার ২৮৪ টাকা। ২০১৪ সালে বিএনপি ২ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা আয়ের বিপরীতে ৩ কোটি ৫৩ লাখ তিন হাজার ৫৯০ টাকা ব্যয় দেখিয়েছিল।
হিসাব জমা দেওয়ার পর আমিনুল হক সাংবাদিকদের বলেন, তহবিলে সোয়া ১৪ লাখ টাকার মতো ঘাটতি থাকায় তা আগের হিসাবের সঙ্গে সমন্বয় করে নেওয়া হবে। বছরের শুরুতে তহবিলে ছিল ২ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ৭৪৫ টাকা। ঘাটতির কারণে তহবিলে স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৪৬১ টাকা।
রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী নিবন্ধিত দলকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হবে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে কমিশন সেই দলের নিবন্ধন বাতিল করতে পারবে। বর্তমানে কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৪০টি।
এ বছর ৩০টি দল নির্ধারিত সময়ে হিসাব দেয়। আওয়ামী লীগ ও বিএনপি হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে কমিশন দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় ৩১ আগস্ট পর্যন্ত বাড়ায়।