সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাল শনিবার বেলা তিনটায় দলীয় কার্যালয়ে কর্মিসভার আয়োজন করেছেন। তবে দলের অন্য একটি অংশ গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে কর্মিসভার প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সেখানে না যাওয়ার অনুরোধ জানিয়েছে।
স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন-সমর্থিত নেতা-কর্মীরা ওই কর্মিসভার আয়োজন করেছেন। এ নিয়ে গত বুধবার থেকে সংগঠনটির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
তবে জামায়াত, বিএনপিসহ আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশকে নিয়ে এ কর্মিসভার আয়োজন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এ বিলকিসসহ কয়েকজন নেতা-কর্মী। এর প্রতিবাদে সাধারণ সম্পাদক-সমর্থিত অংশের নেতা-কর্মীরা গতকাল বেলা ১১টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কর্মিসভায় যোগদান না করার অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান এস এ বিলকিস। এ সময় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর কবীর, সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, আবদুল হাই তালুকদার, ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আলী ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংসদ মোয়াজ্জেম হোসেনের মুঠোফোনে গতকাল ফোন করলে তিনি সভায় ব্যস্ত থাকার কথা বলে সংযোগ কেটে দেন।
মোয়াজ্জেম হোসেনের অনুসারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘উপজেলার ছয়টি ইউনিয়নে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেই তথ্যমন্ত্রী মহোদয়কে স্বাগত জানাতে এ কর্মিসভার আয়োজন করা হয়েছে। আমাদের সংগঠনে বিএনপি ও জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মী নেই।’