আ.লীগের কমিটি নিয়ে যা বললেন মন্ত্রীরা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে স্থান পাওয়াকে রাজনৈতিক জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে আসার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। আওয়ামী লীগের কমিটি নিয়ে আরও কয়েকজন মন্ত্রী প্রতিক্রিয়া জানান।
তবে দলটির সাধারণ সম্পাদক থেকে সভাপতিমণ্ডলীতে স্থান পাওয়া জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলেও তিনি কথা বলতে রাজি হননি। পরে একদিন বলবেন বলে এড়িয়ে যান। নতুন সাধারণ সম্পাদক সচিবালয়ে প্রতিক্রিয়া না জানালেও সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। পরে তিনি ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে তিনি প্রতিক্রিয়া জানান।
মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে আসার সময় নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, একজন সাধারণ কর্মীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। সেই অর্থে তাঁর রাজনৈতিক কর্মজীবনের জন্য এটা বড় সার্থকতা।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি একজন সাধারণ কর্মী। আমার জন্য বিরাট প্রাপ্তি যে এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি। আমি মনে করি, এটা শুধু আমার গুণের জন্যই নয়, দল, কর্মী, সমর্থক, ডেলিগেট…বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর যে আস্থা অর্জন করে দায়িত্ব দিয়েছেন, সেদিক থেকে আমি সত্যিই একে বড় ভার বলেই মনে করি। আমি আমার সমস্ত চেষ্টা দিয়ে চেষ্টা করব যেন দায়িত্ব পালন করতে পারি।’
নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়েছে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দলের কমিটি গঠন, আগামী নির্বাচনকে বর্তমান কমিটির জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও মনে করেন, আগামী নির্বাচনই বড় চ্যালেঞ্জ।
জাতীয় পার্টির নেতা ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক আওয়ামী লীগের কমিটিকে শুভেচ্ছা জানান।