নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের তিনটি ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার পদ না পওয়া নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করে ওই দাবি জানান। সংবাদ সম্মেলন থেকে হরতালসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মাগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ওই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মকছেদুল ইসলাম।
তিনি লিখিত বক্তব্যে জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক ফজলুল হক দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে তাঁদের আত্মীয়স্বজন নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করছেন। তাঁরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঙ্গে যোগসাজশে এ কাজ করছেন।
কমিটি গঠনের জন্য প্রতিটি ওয়ার্ডে ১৫০টি করে সদস্য সংগ্রহ কুপন দেওয়া হলেও তাঁরা ঘরে বসে তাঁদের স্বজন ও অনুগত ব্যক্তিদের মধ্যে তা বিতরণ করছেন। এরই মধ্যে গোপনে তিনটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিনটি বাতিল এবং এই প্রক্রিয়া বাতিলের জন্য তাঁদের ২৪ ঘণ্টা সময় দেওয়া হচ্ছে।
মকছেদুল ইসলাম আরও জানান, এই সময়ের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে তাঁরা নানা কর্মসূচি পালন করবেন। এর মধ্যে রয়েছে আজ বুধবার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মানববন্ধন, কাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ, ২৯ নভেম্বর অনশন কর্মসূচি ও ৩০ নভেম্বর মাগুড়া ইউনিয়নে অর্ধদিবস হরতাল।
এ সময় ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন অভিযোগ করে বলেন, ‘আমার মাধ্যমে কুপন বিতরণ করার কথা থাকলেও আমাকে না জানিয়ে তাঁরা অন্য একজনের মাধ্যমে কুপন বিতরণ করে পকেট কমিটি গঠন করেছেন। আমি ওই কমিটির সভাপতি হলেও এ কমিটিতে আমাকে সদস্যও রাখা হয়নি।’ এমন অভিযোগ করেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামানসহ অনেকে।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহেশ চন্দ্র রায় বলেন, ‘কুপন আমাদের বিতরণ করার কথা নয়। আমরা সভায় সিদ্ধান্ত নিয়ে (রেজ্যুলেশন) কুপন বিতরণের জন্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দিয়েছি। কোনো অনিয়ম হলে আমরা দেখব।’