আ.লীগের কমিটিতে উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে ঘোষিত কমিটিতে উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্যকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংঘের প্রতিনিধিরা।
২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও): রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্তির বর্তমান চিত্র ও করণীয়’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংঘের নির্বাহী কমিটির সহসভাপতি আফরোজা বানু।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে রাজনৈতিক দলের নিবন্ধন অধ্যায়ে সুনির্দিষ্ট শর্তে উল্লেখ আছে, কেন্দ্রীয় কমিটিসহ রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে কমপক্ষে ৩৩ শতাংশ সদস্যপদ নারী সদস্যদের জন্য সংরক্ষণ করতে হবে। ২০২০ সালের মধ্যে এ লক্ষ্য অর্জন করতে হবে। অন্যথায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ঘোষণা দিতে পারে। লক্ষ্য অর্জনের জন্য হাতে আছে মাত্র চার বছর। ১৯তম কাউন্সিলের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ৭৩ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে নারী সদস্য আছেন মাত্র ৯ জন।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের একটিও ২০২০ সালের মধ্যে লক্ষ্য অর্জনে তেমন কোনো সন্তোষজনক অগ্রগতি দেখাতে পারেনি।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, সংঘের সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী এবং সদস্য পারভীন সুলতানা। তাঁরা বলেন, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে বড় রাজনৈতিক দলের অবস্থাসহ সব দলের অবস্থানই খারাপ।