আ.লীগের কমিটির বাকি সদস্য চূড়ান্ত, শনিবার ঘোষণা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বাকি সম্পাদক মণ্ডলী ও সদস্যদের নামের তালিকা চূড়ান্ত করেছে দলটি। আগামীকাল শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে তাদের নাম ঘোষণা করা হতে পারে।
আজ শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকে বাকি সম্পাদক মণ্ডলী ও সদস্যদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
সভাপতিমণ্ডলীর দুজন সদস্য প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কমিটি বাকি সদস্যদের নাম নিয়ে বৈঠকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে। আলোচনা শেষে নামগুলো চূড়ান্ত করা হয়।
তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর তিনটি পদে নামের তালিকা চূড়ান্ত করা হয়নি বলে সভাপতিমণ্ডলীর একজন সদস্য নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানিয়েছেন।
সভাপতিমণ্ডলীর মোট সদস্য ১৯ জন। এর মধ্যে সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পদাধিকারবলে সভাপতিমণ্ডলীর সদস্য। বাকি ১৭ জন সদস্যের মধ্যে ২৩ অক্টোবর জাতীয় কাউন্সিলে ১৪ জনকে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। এখন পর্যন্ত সভাপতিমণ্ডলীর তিনটি পদ খালি আছে।
আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকে সূচনা বক্তব্যে জনগণের সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা সরকারের কাছে তুলে ধরার জন্য দলের নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, একটি প্রতিষ্ঠান। দলের দায়িত্ব হচ্ছে জনগণের সুবিধা-অসুবিধা সরকারের কাছে পৌঁছে দেওয়া। সরকারকে মানুষের সমস্যার কথা জানানো।
শেখ হাসিনা আরও বলেন, ‘জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এখন আমাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি। বিশ্ব দরবারে বাংলাদেশ এবং এ দেশের মানুষ যেন আবারও মাথা উঁচু করে চলতে পারে-এটাই আমরা চাই।’
২২ ও ২৩ অক্টোবর দলের সম্মেলনের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এটি অত্যন্ত সফল সম্মেলন হয়েছে। এই সম্মেলনে দেশি-বিদেশি অতিথিরা এসেছেন, তাঁরা প্রত্যেকেই আমাদের উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থার প্রশংসা করেছেন।’ ২০২১ সালের মধ্যে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার দৃঢ়প্রত্যয়ের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্যাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান প্রমুখ। দলের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পারিবারিক কাজে লন্ডন যাওয়ায় বৈঠকে যোগ দিতে পারেননি।
প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পরপরই তাঁর সভাপতিত্বে রুদ্ধদ্বার বৈঠক হয়। ওই বৈঠকে কেন্দ্রীয় কমিটির বাকি সম্পাদক মণ্ডলী ও সদস্যদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির আকার এবারের কাউন্সিলে বাড়ানো হয়েছে। আটটি পদ বাড়ানোর পর কমিটির মোট সদস্য এখন ৮১ জন। কাউন্সিলের দিন ২১ জনের এবং এরপর ২৬ অক্টোবর আরও ২২ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। এখনো ৩৮টি পদে কারও নাম ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন:
আরও ২২ জনের নাম ঘোষণা, বাকি আছে ৩৮ পদ